চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ইজিবাইক যাত্রী মোহাম্মদ মোবারক (২৬) নামের কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী। এ সময় আহত হয়েছেন ইজিবাইকের আরো কয়েকজন যাত্রী। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার দুপুর বারোটার দিকে মহাসড়কের চকরিয়ার লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মোহাম্মদ মোবারক চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের গুচ্ছগ্রামের জালাল আহমদের পুত্র এবং চকরিয়া সরকারি কলেজের ডিগ্রি পড়ুয়া শিক্ষার্থী। চিরিংগা হাইওয়ে থানার এসআই খোকন কান্তি রুদ্র বলেন, চকরিয়ার চিরিঙ্গা থেকে ইজিবাইকে চেপে কয়েকজন যাত্রী গন্তব্যে যাচ্ছিলেন। দুপুর বারোটার দিকে মহাসড়কের জিদ্দাবাজার এলাকায় ইজিবাইকটি পৌঁছলে পেছন থেকে ধাক্কা দেয় দ্রুতগতির যাত্রীবাহী অপর একটি বাস।এতে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে। তিনি জানান,খবর পেয়ে হতাহতদের উদ্ধার করা হয়। এ সময় জব্দ করা হয় দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি। পরে আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।












