চকরিয়ায় বজ্রপাতে নারীসহ নিহত ২

চকরিয়া প্রতিনিধি | শনিবার , ১৭ জুন, ২০২৩ at ৫:২৪ পূর্বাহ্ণ

চকরিয়ায় পৃথক স্থানে বজ্রপাতে এক গৃহবধূ ও এক কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারা এবং পৌরসভার পালাকাটা গ্রামে বজ্রপাতে নিহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন দক্ষিণ কাকারা গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ ওসমান গণি (৪২) ও পালাকাটা গ্রামের সাইফুল ইসলাম সওদাগরের স্ত্রী তছলিমা বেগম (৩৫)

নিহতদের পরিবার সূত্র জানা যায়, সকাল সাড়ে আটটার দিকে ঘরের পাশের জমি থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন গৃহবধূ তছলিমা বেগম। এ সময় বজ্রপাতে তিনি মাটিতে পড়ে যান। অপরদিকে ফসলি জমিতে কাজ করার সময় দক্ষিণ কাকারায় নিহত হন কৃষক মো. ওসমান গণি। পরে উভয় পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বজ্রপাতে নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার তিন
পরবর্তী নিবন্ধদুর্বৃত্তের আগুনে এক সপ্তাহে পুড়ল দুটি টেক্সি