চলন্ত অবস্থায় ট্রেন লক্ষ্য করে আবারও পাথর ছুঁড়ে মারার ঘটনা ঘটেছে কক্সবাজারের চকরিয়ায়। সেই ছোঁড়া পাথর গিয়ে সরাসরি মাথায় সজোরে আঘাত করে রেলের বেডিং পোর্টার ছাবের আহমদের। এতে ট্রেনের ভেতরই রক্তের স্রোত বয়ে যায়। এই অবস্থায় ট্রেন থামিয়ে আহত কর্মচারীকে নেওয়া হয় মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন কর্মচারী ছাবের আহমদ।
গত সোমবার রাত ৮টা ১৫ মিনিটের দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকায় এই চলন্ত অবস্থায় ট্রেন লক্ষ্য করে পাথর ছোঁড়ার এই ঘটনা ঘটে। ইতোপূর্বেও অসংখ্যবার ট্রেন লক্ষ্য করে পাথর ছোঁড়া হলে অসংখ্য যাত্রী এবং কর্মকর্তা–কর্মচারী আহত হন।
সাহারবিলস্থ চকরিয়া রেল স্টেশনের ইনচার্জ মো. ফরহাদ চৌধুরী জানান– আহত রেল কর্মচারীর নাম ছাবের আহমদ (৫২)। তিনি রেলের বেডিং পোর্টার (ট্রেনের এসি এবং অন্যান্য কোচে যাত্রীদের জন্য বেডিং, চাদর, বালিশ, কম্বল সরবরাহ করা ব্যক্তি) পদে কর্মরত। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। তাকে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার মাথায় ১০টি সেলাই দেওয়া হয়েছে।
রেলওয়ের কর্মকর্তা–কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত সোমবার রাত পৌনে ৮টায় কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে পর্যটক এক্সপ্রেস। ট্রেনটি ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ রেলস্টেশন পার হয়ে ডুলাহাজারা রেলওয়ে স্টেশনে পৌঁছানোর আগে এক দুর্বৃত্ত এতে পাথর ছুঁড়ে মারে। পাথরটি সরাসরি কর্মচারী ছাবের আহমদের মাথায় এসে সজোরে লাগে। এতে তাঁর মাথা ফেটে যায়। পরে ট্রেন থামিয়ে তাঁকে উপজেলার মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাঁকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুলাহাজারা রেলওয়ে স্টেশনের মাস্টার মোহাম্মদ মোস্তফা বলেন, ঈদগাঁও ও চকরিয়া উপজেলার মধ্যবর্তী স্থানে পাথর নিক্ষেপের ঘটনাটি ঘটে। এই বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।












