চকরিয়া–মহেশখালী সড়কে সিএনজিচালিত অটোরিকশা উল্টে গোলাম রহমান (৪৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বেসরকারি সংস্থা কোস্ট ট্রাস্টের কর্মকর্তা।গতকাল মঙ্গলবার সকালে সড়কের চৌঁয়ারফাঁড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম রহমান পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের নতুন ঘোনা এলাকার কালা মিয়ার পুত্র।
নিহতের চাচাতো ভাই ইউপি সদস্য সাইফুল্লাহ জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে ডুলাহাজারা কর্মস্থলে যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশায় উঠে গোলাম রহমান। পথিমধ্যে অটোরিকশাটি চকরিয়া–মহেশখালী সড়কের চৌঁয়ারফাঁড়ি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে উল্টে যায়। এ সময় গুরুতর আহত হন গোলাম রহমান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আবদুল জব্বার বলেন, এই বিষয়ে কেউ পুলিশকে জানায়নি। তবে খোঁজ নেওয়া হচ্ছে।













