চকরিয়ায় মুজিব শতবর্ষের ঘর দেয়ার নামে অসহায় দুই নারীর কাছ থেকে নেওয়া ৫০ হাজার টাকা ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রতারকের বিরুদ্ধে। দেওয়া টাকা ফেরতের দাবিতে ভুক্তভোগী দুই মহিলা বাদী হয়ে প্রতারক রফিকুল ইসলামের বিরুদ্ধে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন গতকাল সোমবার। সেই অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরীকে নির্দেশ দিয়েছেন ইউএনও মো. ফখরুল ইসলাম।
ভুক্তভোগী দুই মহিলা হলেন, চকরিয়ার খুটাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গর্জনতলী গ্রামের আলী জোহার এর স্ত্রী নাছিমা আক্তার ও লেদু মিয়ার স্ত্রী ছৈয়দা খাতুন। অভিযোগে জানা যায়, ২০২১ সালের ১৬ এপ্রিল প্রধানমন্ত্রীর উপহার মুজিববর্ষের ঘর দেওয়ার নামে তাদের কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা হাতিয়ে নেন একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব পাড়ার বাসিন্দা রফিকুল ইসলাম প্রকাশ সাঈদী রফিক। যথাসময় ঘর না পেয়ে তার কাছে টাকা ফেরত চাইলে অশ্লীল ভাষায় গালি–গালাজ, মারধর করা হয়। এ সময় টাকা ফেরত দিবে না মর্মে জানিয়ে দিয়ে যেখানে খুশি তার (প্রতারক) বিরুদ্ধে অভিযোগ করতে বলে। তাই বাধ্য হয়ে ইউএনওর কাছে তারা লিখিত অভিযোগ করেছেন।
এ ব্যাপারে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, ইউএনওর কাছ থেকে অভিযোগটি তদন্তের জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি প্রতারক রফিককে ফোনে বিষয়টি জানালে, সে কক্সবাজার শহরে থাকে, আসতে সময় লাগবে বলেই লাইন কেটে দেয়। তিনি আরও বলেন, বাদীর কাছ থেকে টাকা নেওয়ার স্বীকারোক্তিমূলক ভিডিও দেখেছি। তাই আরো যাচাই–বাছাই করে বিবাদী না আসলে আমি ইউএনও বরাবর প্রতিবেদন দিয়ে দিব।









