ঘোড়ায় চড়ে দায়িত্ব নিলেন ইউপি চেয়ারম্যান ও সদস্য

ছিল ব্যান্ড পার্টি ও মিছিল

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৮ জানুয়ারি, ২০২২ at ৭:৫৫ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরী ও একই ইউনিয়নের ইউপি সদস্য সেকান্দর চৌধুরী ঘোড়া ও ঘোড়ার গাড়িতে চড়ে দায়িত্ব নিতে আসেন। গতকাল বৃহস্পতিবার সকালে ইসলামপুর ইউনিয়ন পরিষদে ব্যান্ড পার্টি বাজিয়ে মিছিল নিয়ে পরিষদে হাজির হন। এই আয়োজনের পুরো ভিডিওটি ফেসবুক লাইভে প্রচার করা হয়। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

৫ মিনিট ৫৩ সেকেণ্ডের ওই ভিডিওতে দেখা যায়, ঘোড়ার গাড়ি চড়ে ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরী মিছিল নিয়ে এসেছেন। সামনে ব্যান্ড পার্টির লোকজন বাজাচ্ছেন। আশেপাশে মিছিলে অংশ নেয়া প্রচুর লোকজন দেখা যাচ্ছে। ফেসবুক লাইভে প্রচার করা অন্য একটি ভিডিওতে দেখা যায়, মিছিল নিয়ে ঘোড়ায় চড়ে ইউনিয়ন পরিষদে যাচ্ছেন ইউপি সদস্য সেকান্দর চৌধুরী। এ সময় হাত নাড়িয়ে তিনি সকলকে অভিবাদন জানাচ্ছেন।

এই বিষয়ে বক্তব্য নিতে ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরী ও ইউপি সদস্য সেকান্দর চৌধুরীর সাথে একাধিকবার যোগাযোগ করেও তাদের মোবাইলে সংযোগ পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর নির্বাচনে ইসলামপুর ইউনিয়নসহ রাঙ্গুনিয়ার ১৩ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধসৌদি আরবে সোনা ও মুদ্রাসহ বিমানের কেবিন ক্রু আটক
পরবর্তী নিবন্ধজিপিএইচ কারখানায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু