নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন চন্দ্রনগর বেলতলা এলাকার বাবুলের কলোনিতে ডায়রিয়ার প্রাদুর্ভাব ও এক বৃদ্ধের মৃত্যুর কারণ অনুসন্ধান করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ও চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়। গতকাল শনিবার সকালে চসিকের একটি মেডিকেল টিম ঘটনাস্থল পরিদর্শন করে পানির উৎস পরীক্ষা করেছে। পাশাপাশি তারা আক্রান্ত বাসিন্দাদের বক্তব্য নিয়েছে।
সন্ধ্যায় চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমাম হোসেন রানা বলেন, দীর্ঘদিন ধরে অপরিষ্কার থাকা ট্যাংকের পানি থেকেই ডায়রিয়ার সংক্রমণ ছড়িয়েছে বলে প্রাথমিক তদন্তে প্রমাণ মিলেছে। বর্তমানে হাসপাতালে কয়েকজন চিকিৎসাধীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বাসিন্দাদের নিরাপদ পানি পান, পানি ফুটিয়ে ব্যবহার ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে গতকাল দুপুরে কলোনি পরিদর্শন করেছে সিভিল সার্জন কার্যালয়ের একটি টিম। পরিদর্শন টিম স্থানীয় ও কলোনির বাসিন্দাদের বক্তব্য গ্রহণ করেছে। সিভিল সার্জন কার্যালয়ের টিম কলোনির পানির নমুনা সংগ্রহ করেছে।
সম্প্রতি অতি বৃষ্টির কারণে জলাবদ্ধতা হওয়ায় খাবার পানি দূষিত হয়। ফলে কলোনিতে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়। বর্তমানে মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন, সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন এবং অন্যান্য মেডিকেলে ১০ জনসহ মোট ৩০ জন ডায়রিয়া আক্রান্ত রয়েছে বলে সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার থেকে বাবুলের কলোনিতে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়। সেদিন দুপুর থেকে কলোনির অন্তত ৪০ জন বাসিন্দা ডায়রিয়ায় আক্রান্ত হন। এর মধ্যে এখন পর্যন্ত ৩০ জন সরকারি–বেসরকারি চিকিৎসাধীন রয়েছেন।
কলোনির বাসিন্দাদের অভিযোগ, পানির রিজার্ভার ট্যাংক থেকে সরবরাহ করা পানি থেকে এক সপ্তাহ ধরে দুর্গন্ধ আসছিল। সেই পানি পান করার কারণে তারা বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হন। কলোনিতে ওয়াসার পানির সরবরাহ লাইন নেই। ডিপ টিউবওয়েল থেকে পানি রিজার্ভার ট্যাংকে সংরক্ষণ করে সেখান থেকে বাসিন্দাদের সরবরাহ করতেন কলোনির মালিক।












