গ্রেপ্তার এড়াতে পুকুরে ঝাঁপ, তবু রক্ষা পেলেন না

কর্ণফুলী প্রতিনিধি | শনিবার , ১১ এপ্রিল, ২০২৬ at ১০:৫৫ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলা যুবলীগের সভাপতি মো. নাজিম উদ্দীন হায়দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার খুইদ্দ্যারটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাজিম উদ্দীন উপজেলা যুবলীগের সভাপতির পাশাপাশি বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) বিভাগীয় পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের একটি চেক প্রতারণা মামলায় আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় তিনি ৯ মাসের সাজাপ্রাপ্ত আসামি।

স্থানীয়রা জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে নাজিম উদ্দীন পুকুরে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। তবে চারদিক থেকে ঘিরে ফেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে ভেজা অবস্থায় থানায় নিয়ে যায়।

মামলার নথি অনুযায়ী, দায়রা আদালতের ৩৪২৩/২২ নম্বর মামলার (কর্ণফুলী থানা সিআর ৬৫/২১) রায় ২০২৫ সালের ৯ অক্টোবর ঘোষণা করা হয়। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ধারায় দায়ের করা এ মামলায় তাকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও সমপরিমাণ অর্থদণ্ড দেওয়া হয়।

ওসি মো. শাহীনূর আলম বলেন, ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করতে গেলে পুলিশ দেখে রাস্তার পাশে পুকুরে ঝাঁপ দেন। পরে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সাজাপ্রাপ্ত আসামি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধবন্দরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে দেশের একমাত্র কার্গো ট্রলি বন্ধ