গ্রেপ্তার এড়াতে চিবিয়ে খান ইয়াবা, পুলিশের সামনে মাটিতে গড়াগড়ি

হাসপাতালে নেওয়ার পর যুবলীগকর্মীর মৃত্যু

আজাদী প্রতিবেদন | সোমবার , ৯ মার্চ, ২০২৬ at ৮:৫১ পূর্বাহ্ণ

নগরের খুলশী থানার আমবাগান আনসার ক্লাব এলাকায় গ্রেপ্তার এড়াতে চিবিয়ে ইয়াবা খেয়ে ফেলেন দিদারুল আলম নামে এক যুবলীগকর্মী। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু অতিরিক্ত ইয়াবা খাওয়ায় মৃত্যু হয় তার। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। তবে বিষয়টি জানাজানি হয় শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর। ৩৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, মাটিতে শুয়ে গড়াগড়ি করছেন দিদার। এ সময় যন্ত্রণায় ছটফট করছিলেন তিনি। এ সময় তিনি বলছিলেন, ‘মোবাইল দেন, টাকা দেন, আমার দুইটা বাচ্চা আছে স্যার।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিএমপির চলমান বিশেষ অভিযান এস ড্রাইভের অংশ হিসেবে মাদক ও খুনের মামলার আসামি দিদারুলকে ধরতে অভিযান শুরু করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে দিদার তার সাথে থাকা ইয়াবা চিবিয়ে খেয়ে ফেলেন। পরে পুলিশ যখন তাকে দেখতে পায় তখন তিনি মাটিতে গড়াগড়ি করছিলেন। এ সময় পুলিশ ও স্থানীয় লোকজন তাকে প্রথমে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই মারা যান দিদার।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, দিদারের ময়নাতদন্ত হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে। তবে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, অতিরিক্ত ইয়াবা চিবিয়ে খাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহামলায় সৌদি আরবে বাংলাদেশিসহ নিহত ২
পরবর্তী নিবন্ধশাহ আমানতে আরো ৫ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল