গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন (জিএমসিএ) কমিউনিটি কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ টেমসাইড মেয়রের পক্ষ থেকে সম্মাননা লাভ করেছে।
৯ই ফেব্রুয়ারি টেমসাইড মেয়র কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিএমসিএ’র সভাপতি এস এম ফয়সাল নিক্সন, উপদেষ্টা মহিদুল মাওলা, সংগঠনের নেতৃবৃন্দ মহিউদ্দিন, হুমায়ুন কবির, মোহাম্মদ মনির, মোকাম্মেল আলম ও ইয়াকুব মুন্সী।
সম্মাননা প্রদান করেন টেমসাইডের মেয়র শিবলী আলম। উল্লেখ্য, তিনি নর্থ ওয়েস্ট ইংল্যান্ডের প্রথম বাঙালি মহিলা মেয়র, যা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য একটি গর্বের অধ্যায়।
অনুষ্ঠানে মেয়র শিবলী আলম জিএমসিএ’র প্রশংসা করে বলেন, কমিউনিটির উন্নয়নে এ ধরনের সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক সংহতি, সাংস্কৃতিক কার্যক্রম এবং মানবিক উদ্যোগের মাধ্যমে গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন স্থানীয় সমাজে ইতিবাচক অবদান রেখে চলেছে।
জিএমসিএ’র সভাপতি এস এম ফয়সাল নিক্সন এই সম্মাননাকে সংগঠনের সকল সদস্য ও স্বেচ্ছাসেবকদের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও কমিউনিটির কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
এই সম্মাননা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য এক গৌরবোজ্জ্বল অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।










