গ্রিসের উপকূলে এজিয়ান সাগরে যাত্রীবাহী এক নৌকার সঙ্গে কোস্টগার্ডের এক জাহাজের সংঘর্ষে ১৫ জন অভিবাসন প্রত্যাশী নিহত হয়েছেন। মঙ্গলবার এজিয়ান সাগরের হিওস দ্বীপের উপকূলে ঘটনাটি ঘটেছে বলে গ্রিসের কোস্টগার্ড জানিয়েছে। কোস্টগার্ডের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, একটি নৌকা তুরস্কের উপকূল থেকে কয়েক মাইল পশ্চিমে অবস্থিত হিওসে অভিবাসন প্রত্যাশীদের বহন করে নিয়ে আসছে, তারা এমনটি দেখতে পেয়ে সেটিকে ঘুরে ফিরে যেতে বলেন। কিন্তু মানব পাচারকারীরা কোস্টগার্ডের জাহাজের দিকে নৌকা ছুটিয়ে দিলে সংঘর্ষের ঘটনাটি ঘটে। খবর বিডিনিউজের।
কোস্টগার্ড জানিয়েছে, সংঘর্ষের পর তারা ২৫ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে, কিন্তু পরে তাদের মধ্যে একজন, এক নারী মারা যান। ঘটনার পর একটি তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা হয়। কীভাবে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে তারা স্বতন্ত্রভাবে সেটি যাচাই করতে পারেনি। অভিবাসন প্রত্যাশীদের জাতীয়তাও পরিষ্কার হয়নি।
গ্রিসের এক সরকারি কর্মকর্তা জানান, নৌকাটিতে ৩০ থেকে ৩৫ জন আরোহী ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
দ্বিতীয় আরেক কর্মকর্তা জানান, এ ঘটনায় কোস্টগার্ডের দুই কর্মকর্তা আহত হয়েছেন, তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।











