ঈশান কোণে দীঘির পাড়ে ডুমুর ফুলের শাখে,
মিষ্টি কুটুম মায়ার সুরে অনিন্দ্য রূপ আঁকে।
কী মুগ্ধতা কী মায়াময় স্মৃতির জৌলুস ভরে,
সূচ ফড়িঙের পাখায় যেন যাদুর মোহন ঝরে।
আসাম লতার কচি ডগায় প্রজাপতির মেয়ে,
আলতো ছোঁয়ায় দিচ্ছে চুমো হেসে খেলে গেয়ে।
দৃশ্যে অপার মন ভরে যায় খুশির বয়াম খুলে,
বিষকাটালী জড়ায় ধরে স্বর্ণ লতার চুলে।
চিরল পাতা হরিৎ রাঙা ভুঁই আমলার গাছে,
ছোট্ট পাখি টুনটুনিটা আপন মনে নাচে।
শ্যাওলা ভাসা দীঘির জলে জলপিপিটা দৌড়ে,
কৃষাণ ছোটে খেতের পানে রাত্রি শেষের ভোরে।
গ্রামের স্বরূপ প্রকৃতির কোল নিত্য দিনের ছবি,
বর্ণনাময় আঁকা সাঁকোয় দেখতে পাবে সবই।








