গ্রাহকদের জমা দেওয়া গ্যাস ও পানির বিলের টাকা আত্মসাতের মামলায় নগরীর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড হালিশহর শাখার সাবেক জুনিয়র ক্যাশ অফিসার তাজকেরাতুন নেছাকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি হাজির ছিলেন না। তিনি পলাতক আছেন। এ জন্য তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।
দুদক পিপি মুহাম্মদ কবির হোসাইন আজাদীকে বলেন, সাবেক ব্যাংক কর্মকর্তাকে পৃথক দুটি ধারায় যথাক্রমে ৩ বছর ও ২ বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক। পাশাপাশি তাকে ৩ লাখ ১২ হাজার ৬৬৪ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। পুরো বিচার প্রক্রিয়ায় মোট ১২ জন সাক্ষীর সাক্ষ্য রেকর্ড করা হয়েছে বলেও জানান তিনি।
আদালতসূত্র জানায়, ২০১৮ সালের ২৮ মার্চ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত গ্রাহকদের কাছ থেকে গ্যাস ও পানির বিল বাবদ ৬ লাখ ৬৩ হাজার ৯৫৩ টাকা গ্রহণ করেন তাজকেরাতুন নেছা। কিন্তু ওই টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেন। পরে জরিমানাসহ মোট ৬ লাখ ৭০ হাজার ৪২৩ টাকার মধ্যে ৩ লাখ ৫৭ হাজার ৭৫৯ টাকা ফেরত দেন। কিন্তু বাকি ৩ লাখ ১২ হাজার ৬৬৪ টাকা আর পরিশোধ করেননি। এ ঘটনায় ২০২২ সালের ২৭ নভেম্বর দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়–১ এ মামলা করেন সংস্থাটির তৎকালীন সহকারী পরিচালক মো. এমরান হোসেন। মামলার তদন্ত শেষে দুদক গত বছরের জুনে তাজকেরাতুন নেছার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। এরপর চলতি বছরের ১৯ জুন তার বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।












