চট্টগ্রাম–২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর বলেছেন, ফটিকছড়িতে প্রচুর পরিমাণে গ্যাস ও সম্পদ রয়েছে। এগুলো উত্তোলন করা গেলে পুরো ফটিকছড়ি ‘গ্যাসের ওপর ভাসবে’। তিনি বলেন, ফটিকছড়িতে ১৮টি চা–বাগান রয়েছে এবং এশিয়ার মধ্যে সবচেয়ে বড় চা–বাগানও এই উপজেলায়। সরকারের সহযোগিতা পেলে ফটিকছড়ি দেশের সেরা চা–নগরীতে পরিণত হতে পারে। তিনি গতকাল বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাব ভবনের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
তিনি বলেন, ফটিকছড়ি বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা। এখানে চারটি রাবার বাগান রয়েছে। কিন্তু এলাকায় শিল্প–কারখানা না থাকায় কর্মসংস্থানের সুযোগ কম। শিল্প–কারখানা গড়ে তোলা গেলে যুবকদের জন্য আইটি প্রতিষ্ঠান তৈরি করা সম্ভব হবে এবং বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হবে। নারীদের শিক্ষার সুব্যবস্থা করতেও উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি এবং সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ। বক্তব্য রাখেন ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল আজিম উল্লাহ বাহার (অব.), সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব ডা. খুরশিদ জামিল চৌধুরী, প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সালাহ উদ্দিন, সদস্য সচিব আহমদ হোসেন তালুকদার, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন এবং ফটিকছড়ি নাগরিক কমিটির আহ্বায়ক মির্জা মুহাম্মদ আকবর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











