গোপন ভিডিও নিয়ে নারীকে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৬

ফটিকছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ at ১০:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নে রুপা (ছদ্মনাম) নামে এক নারীর পুরনো গোপন ভিডিও নিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে ৮ জনকে আসামি করে ভূজপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে। গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে ভুক্তভোগী বাদী হয়ে ভূজপুর থানায় মামলাটি দায়ের করেন। মামলার পরপরই পুলিশ ভূজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি দেবাশীষ চক্রবর্তী আশিস, জিকু দে, রনি দে, জয় দে, রিমন শীল ও দিপু চন্দ্রকে গ্রেপ্তার করে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, আনুমানিক পাঁচ থেকে ছয় বছর আগে রুপা তার এক প্রেমিকের সঙ্গে সম্পর্কের সময় যৌনকর্মে লিপ্ত হন এবং সেই সময় তার বয়ফ্রেন্ড গোপনে একটি ভিডিও ধারণ করেন। পরবর্তীতে ওই ভিডিও কোনোভাবে মামলার অভিযুক্তদের হাতে চলে যায়। এরপর অভিযুক্তরা ভিডিওটি দেখিয়ে রুপাকে ব্ল্যাকমেইল করতে থাকে। আত্মসম্মানের ভয়ে রুপা চাপে পড়ে প্রথমে অভিযুক্তদের ৭০ হাজার টাকা দেন। কিন্তু তাতেও তারা ক্ষান্ত না হয়ে পুনরায় আরও ৫০ হাজার টাকা দাবি করলে তিনি নিরূপায় হয়ে ভূজপুর থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে জানতে চাইলে ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার পরপরই অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। পুলিশ জানায়, আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধব্যয়বহুল হওয়ায় ৭০ শতাংশ কিডনি রোগী মাঝপথে বন্ধ করেন চিকিৎসা
পরবর্তী নিবন্ধস্থানীয় সরকার প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করছে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস