চট্টগ্রাম–৮ আসনের উপ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ আল্লামা স.উ.ম আবদুস সামাদ গতকাল সোমবার পাঁচলাইশের জাঙ্গালপাড়া, হাজিপাড়া, আতুরার ডিপো ও অক্সিজেন এলাকায় মোমবাতি প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন। গণসংযোগকালে পথসভায় আবদুস সামাদ বলেন, আমরা বিশ্বাস করতে চাই– এ উপ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযাগ্য হবে। দেশের শান্তিকামী জনগণেরও এটাই দাবি। এজন্য আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠেয় উপ–নির্বাচনে সুষ্ঠু ভোটের নিশ্চয়তা চাই। গোপন বুথে কোনো ভূত দেখতে চাই না, জনগণের ভোটাধিকার প্রয়োগের পরিবেশ চাই। গাইবান্ধা–৫ আসনের উপ–নির্বাচনের মতো প্রতিটি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনতে হবে। তিনি বলেন, চট্টগ্রাম নগরের অন্যতম একটি ওয়ার্ড ৩ নং পাঁচলাইশ। অথচ, এখনও এলাকার মানুষ আকাশে মেঘ দেখলেই আতঙ্কিত হয়।
হালকা বৃষ্টি হলেই সাঁতার কাটতে হবে এ ভয়ে। ক্ষমতাসীনরা এ এলাকার মানুষের দুর্দশা লাগবে এখনও টেকসই কোনো পদক্ষেপ নিতে পারেনি। আমি মোমবাতি প্রতীক নিয়ে নির্বাচিত হলে জলাবদ্ধতাসহ এলাকার প্রধান প্রধান সমস্যা চিহ্নিত করে তড়িৎ পদক্ষেপ নেব। গণসংযোগকালে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক এম সোলায়মান ফরিদ, প্রচার সচিব মাস্টার আবুল হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সচিব এনামুল হক সিদ্দিকী, মহানগর উত্তর সভাপতি আবদুন নবী, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মাহমুদ, এম মহিউল আলম চৌধুরী, আহলে সুন্নাত নেতা মাওলানা আরিফুর রহমান, মাওলানা এনাম রেযা প্রমুখ। উল্লেখ্য, আজ বোয়ালখালীর ফকিরাখালী, মসজিদঘাট, কালুরঘাট এলাকায় গণসংযোগ করবেন তিনি।












