গুমকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আবার সংশোধন এনে এ বিষয়ক একটি বিল পাস করেছে জাতীয় সংসদ। ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট, ১৯৭৩’ এর এই সংশোধনীতে গুমকে মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞার মধ্যে অর্ন্তভুক্ত করার বিষয়টি সংসদে বিশেষভাবে তুলে ধরেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। গতকাল মঙ্গলবার সংসদের বৈঠকে অন্তর্বর্তী সরকারের সময়ে সংশোধনের পর জারি করা এ অধ্যাদেশে এমন পরিবর্তন এনে ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যামেন্ডমেন্ট বিল– ২০২৬’ উত্থাপন করা হয়। পরে এটি অবিলম্বে বিবেচনার জন্য প্রস্তাব করলে তা গ্রহণ করা হয় এবং কণ্ঠভোটে পাস হয়। খবর বিডিনিউজের।
একই দিন সকাল ও বিকালের দুই দফার বৈঠকে মোট ১৪টি বিল পাস হয়, আরও দুটি বিল উত্থাপিত হয়। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপ দেওয়ার অংশ হিসেবে বিলটি পাস করা হয়। জাতীয় সংসদের বিশেষ কমিটি ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি হুবহু এবং ১৫টি সংশোধিত আকারে অনুমোদনের সুপারিশ করেছিল। বাকি ২০টির মধ্যে ৪টি রহিত এবং ১৬টি আরও শক্তিশালী করে পরে নতুন বিল আনার সুপারিশ করা হয়। আইনমন্ত্রী সংসদে আইসিটি বিলটি উত্থাপন করে অবিলম্বে বিবেচনার প্রস্তাব দিলে তা কণ্ঠভোটে গ্রহণ করা হয়। বিলটির ওপর দফাওয়ারি কোনো সংশোধনী না থাকায় কোনো আলোচনা হয়নি। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়। বিলটি পাসের প্রস্তাব তুলতে গিয়ে আইনমন্ত্রী বলেন, এটি এমন একটি বিল যে বিলের মধ্যে মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞার মধ্যে গুমকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি এমন একটি বিল যে বিলের মাধ্যমে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের বিচারকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আমরা গুমকে একটি মানবতাবিরোধী অপরাধ হিসেবে ডিফাইন করেছি। গুমের বিচার নিয়ে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, যারা গুমের আইন নিয়ে আমরা গুম চাইছি না, গুমের বিচার চাইছি না বলছেন, তাদের জন্য বলছি এই আইনটা ভালো করে পড়ে দেখবেন। তবে বিল পাস হওয়ার পর এ নিয়ে সংসদে সংক্ষিপ্ত বাক্যবিনিময় হয়।
পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান আইনমন্ত্রীর বক্তব্যের শেষ অংশে আপত্তি জানান। বলেন, এই বিলটি পাস করা প্রসঙ্গে মাননীয় আইনমন্ত্রী যে কথাগুলো বলেছেন, আমার কাছে এটা অনাহুত এবং এইটার সাথে আমি এটাকে সম্পৃক্ত মনে করি না। এই অংশটা না বললেই ভালো হতো। নির্দিষ্ট সময় যখন আসবে তখন আলোচনায় আমরা অংশগ্রহণ করব। এখানে এই ব্যাপারে আর কিছু বলতে চাচ্ছি না। এরপর আইনমন্ত্রী কথা বলার সুযোগ চাইলে স্পিকার তাকে জিজ্ঞেস করেন, সংসদেতো এ বিষয়ে কেউ আপত্তি দেয়নি, তিনি কিছু বলতে চান কি না।
জবাবে আইনমন্ত্রী বলেন, বাইরে গুমের বিচার করার ব্যাপারে এই সরকারের সদিচ্ছাকে অনেকে প্রশ্ন তোলার চেষ্টা করেছেন। সেই কারণে এই বিলটাকে আমরা উপস্থাপনের আগে আপনার সামনে ক্লিয়ার করলাম যে আমরা গুমের ব্যাপারে, গুমের বিচার ব্যাপারে কতটা কমিটেড। পরে স্পিকার আইনমন্ত্রীকে লক্ষ্য করে বলেন, বাইরে কত লোক কত কথা বলে, আপনি সংসদের মধ্যে আলোচনা, সংসদ সদস্যদের বক্তব্যের মধ্যে আপনার বক্তব্য সীমাবদ্ধ রাখেন।
স্পিকার আরও বলেন, বাইরের কথা শোনার প্রয়োজন জাতীয় সংসদে এখন নাই। এখানে আইন অনুযায়ী, বিধি অনুযায়ী যেটি উত্থাপিত হবে, সে ব্যাপারে আমরা কার্যক্রম গ্রহণ করব। এ বিলসহ এদিন আইনমন্ত্রী কোড অব ক্রিমিনাল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট বিল, সিভিল কোর্টস অ্যামেন্ডমেন্ট বিল এবং রেজিস্ট্রেশন অ্যামেন্ডমেন্ট বিলও উত্থাপন করে পাস করান। কোড অব ক্রিমিনাল প্রসিডিউর সংশোধনীতে গ্রেপ্তার ব্যক্তিকে থানায় নেওয়ার সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে তার পরিবার, বন্ধু বা আইনজীবীকে জানাতে হবে বলে বিধান রাখা হয়েছে। একই দিনে নাম পরিবর্তন–সংক্রান্ত পাঁচটি বিলও পাস হয়।
এর মধ্যে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সিলেট, বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি এবং শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর–সংক্রান্ত সংশোধনী বিল। বিকালের বৈঠকে নির্দিষ্টকরণ সম্পূরক (২০২৪–২৫ অর্থবছর) বিল, নির্দিষ্টকরণ (২০২৫–২০২৬ অর্থবছর) বিল, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) রহিতকরণ বিল এবং বাণিজ্যিক আদালত বিলও পাস হয়। এছাড়া জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন বিল পাসের জন্য সংসদে উত্থাপন করা হয়েছে।













