গান-অভিনয়ে পড়শীর ব্যস্ততা

| বুধবার , ১ এপ্রিল, ২০২৬ at ১১:০৪ পূর্বাহ্ণ

ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে অনেক গান উপহার দিয়েছেন কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী। এখনো তিনি ব্যস্ত নাটক ও অডিও গান নিয়ে। তবে গানের বাইরেও গায়িকাকে পাওয়া গেছে সিনেমার নায়িকা হিসেবে। ‘মেন্টাল’ ছবিতে শাকিব খানের নায়িকা হয়ে আলোচনায় এসেছিলেন তিনি। সিনেমার বাইরে আরজে ও বিজ্ঞাপনের মডেল হয়েও প্রশংসিত হয়েছেন। আর গত কয়েক বছর ধরে তো ঈদ কিংবা উৎসব মানেই পড়শী অভিনীত নতুন নাটক। গত ঈদেও তার ব্যতিক্রম হয়নি।

ঈদ উপলক্ষে সমপ্রতি প্রকাশ হয়েছে তার অভিনীত নাটক ‘মন প্রিয়া’। গানগুলির ইউটিউব চ্যানেল তিনদিনে নাটকটির ভিউ এক মিলিয়ন পার করেছে। এতে পড়শীর নায়ক জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। পরিচালনা করেছেন মহিদুল মহিম। নাটকটি নিয়ে বেশ ভালো সাড়া পাচ্ছেন বলে জানালেন পড়শী। তিনি বলেন, ‘মন প্রিয়া’ নাটকটির গল্প রোমান্টিক ঘরানার। এটি প্রকাশের পর থেকেই খুব ভালো সাড়া পাচ্ছি। অবশ্য বরাবরই নাটকে অভিনয় করলে দর্শকরা সেটি খুব ভালোভাবে গ্রহণ করেন। এবারো তাই হয়েছে। আমি দর্শকদের কাছে কৃতজ্ঞ।

এদিকে, নাটকের বাইরে কমপক্ষে চারটি ঈদের নাটকের গানে কণ্ঠ দিয়েছেন পড়শী। এগুলোও প্রকাশ হয়েছে ঈদে। এর বাইরে ঈদের আগেই বিকাশের ‘ফেস অব বিকাশ’ হিসেবে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এদিকে, এপ্রিলের প্রথম সপ্তাহেই নতুন নাটকের শুটিং করতে যাচ্ছেন পড়শী। পাশাপাশি আরও একাধিক নতুন গানে কণ্ঠ দেয়ার কথা রয়েছে তার।

পূর্ববর্তী নিবন্ধ‘দেনা পাওনা’র জুটিকে নিয়ে ‘চেনা অচেনা’
পরবর্তী নিবন্ধগাইতে পারছেন না, বিরল রোগে আক্রান্ত অলকা ইয়াগনিক