ফিলিস্তিনি ছিটমহল গাজায় বাস্তুচ্যুতদের আবাসন হিসেবে ব্যবহৃত একটি স্কুলের কাছে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে। সোমবারের ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। খবর বিডিনিউজের।
গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চললেও হামলা সহিংসতা বন্ধ করেনি ইসরায়েলি বাহিনী। এতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি ম্লান হয়ে গেছে। রয়টার্স জানিয়েছে, কিছু ফিলিস্তিনি গাজার ইসরায়েল সমর্থিত মিলিশিয়াদের সঙ্গে সংঘর্ষে জড়ানোর পর ইসরায়েলি বাহিনী ওই ফিলিস্তিনিদের লক্ষ্য করে ড্রোন হামলা চালায়।
চিকিৎসা কর্মী ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই মিলিশিয়ারা স্কুলটিতে হামলা চালিয়ে কিছু মানুষকে অপহরণ করার চেষ্টা করছিল। তারা আরও জানান, গাজার মধ্যাঞ্চলীয় মাগাজি শরণার্থী শিবিরের পূর্ব দিকে ওই সংঘর্ষ চলাকালে ইসরায়েলি ড্রোন এসে ওই এলাকায় দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ে, এতে অন্তত ১০ জন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়। রয়টার্স লিখেছে, এই ড্রোন হামলায় মোট কতোজন নিহত হয়েছেন তা তাৎক্ষণিভাবে পরিষ্কার হয়নি। ক্ষেপণাস্ত্র দুটি স্কুলের কাছে ঘনবসতিপূর্ণ একটি এলাকায় আঘাত হানে। এলাকাটির অধিকাংশ বাসিন্দা বাস্তুচ্যুত ফিলিস্তিনি। প্রত্যক্ষদর্শী আহমেদ আল মাগাজি জানিয়েছেন, তাদের এলাকায় ইসরায়েল সমর্থিত মিলিশিয়া বাহিনীর সদস্যরা আক্রমণ চালানোর পর গুলিবর্ষণ করে। এই মিলিশিয়ারা ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোর সংলগ্ন অঞ্চলগুলোতে তৎপরতা চালায় বলে জানান তিনি। রয়টার্সকে তিনি বলেন, আক্রান্ত বাসিন্দারা তাদের ঘরবাড়ি রক্ষার চেষ্টা করেছিল, কিন্তু দখলদার বাহিনী তাদের সরাসরি লক্ষ্যস্থল করে। পরে ইসরায়েল সমর্থিত মিলিশিয়া বাহিনীরগুলোর এক নেতা এক ভিডিওতে বলেন, তারা হামাসের পাঁচ সদস্যকে হত্যা করেছে। তবে রয়টার্স এই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি। ঘটনার বিষয়ে হামাস তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তারা ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোতে তৎপরতা চালানো গোষ্ঠীগুলোকে ইসরায়েলের দালাল বলে অভিহিত করে। চিকিৎসা কর্মীরা জানিয়েছেন, সোমবার সকালে গাজা সিটিতে মোটরসাইকেলে করে যাওয়ার সময় ইসরায়েলি ড্রোন হামলায় এক ফিলিস্তিনি নিহত ও সঙ্গে থাকা এক শিশু আহত হয়। চিকিৎসা কর্মীরা আরও জানান, ইসরায়েলি সেনারা গাজার মধ্যাঞ্চলে একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে আরেক ফিলিস্তিনিকে হত্যা করেছে। এতে সোমবার সব মিলিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ১২ জনে দাঁড়ায়।














