গাজায় অনাহারে মরছে শিশুরা : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

| বুধবার , ৬ মার্চ, ২০২৪ at ৯:২১ পূর্বাহ্ণ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসুস জানিয়েছেন, ফিলিস্তিনি ছিটমহল গাজার উত্তরাংশের শিশুরা অনাহারে মারা যাচ্ছে। সংস্থাটি রোববার গাজার আলআওদা ও কামাল আদওয়ান হাসপাতাল পরিদর্শন করে সেখানে ভয়াবহ পরিস্থিতি দেখেছে বলে তেদ্রোস জানান। অক্টোবরের প্রথমদিকের পর থেকে এই প্রথম সেখানে যাওয়ার সুযোগ পেয়েছেন তারা। সামাজিক মাধ্যমে এক পোস্টে পরিদর্শনে তিনি যা দেখেছেন তুলে ধরেছেন, জানিয়েছে বিবিসি। খবর বিডিনিউজের।

তিনি লিখেছেন, খাবারের অভাবে ১০টি শিশুর মৃত্যু হয় আর সেখানে গুরুতর পর্যায়ের অপুষ্টি বিরাজমান, হাসপাতাল ভবনগুলো ধ্বংস করে ফেলা হয়েছে। রোববার হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, কামাল আদওয়ান হাসপাতালে অপুষ্টি ও পানিশূন্যতায় অন্তত ১৫ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার ফিলিস্তিনি রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ওয়াফা জানায়, রোববার গাজার দক্ষিণাংশের শহর রাফায় একই কারণে আরেকটি শিশুর মৃত্যু হয়েছে। ড. তেদ্রোস লিখেছেন, গাজার উত্তরাংশের হাসপাতাল ভবনগুলো ধ্বংস করে ফেলা হয়েছে, অপুষ্টির মাত্রা তীব্র, অনাহারে শিশুরা মারা যাচ্ছে, জ্বালানি, খাবার ও ওষুধের গুরুতর সংকট বিরাজমান। হিসাব অনুযায়ী গাজার উত্তরাংশে তিন লাখ মানুষ সামান্য খাবার ও পরিষ্কার পানি নিয়ে বেঁচে থাকার চেষ্টা করছে। খাবারের অভাবে ১০ শিশুর মৃত্যু হয়, সামাজিক মাধ্যম এক্স প্ল্যাটফর্মে লিখেছেন তিনি। তিনি লিখেছেন, গাজার উত্তরাংশে আরও নিয়মিত যাওয়ার সুযোগ পাওয়ার চেষ্টা সত্ত্বেও পাঁচ মাসের মধ্যে প্রথম ডব্লিউএইচও সেখানে যেতে পারল।

পূর্ববর্তী নিবন্ধ১ ডলার খরচ করে উদ্ধার হবে ৫০ ডলারের স্বর্ণ
পরবর্তী নিবন্ধবিনামূল্যে বোমা নয়, জেলেনস্কিকে জানিয়ে দিল ইইউ