গাছে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুতে ঝলসে গেলো কিশোর

মহেশখালী প্রতিনিধি | বুধবার , ৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৩৭ পূর্বাহ্ণ

মহেশখালীতে রাস্তার পাশে গাছে ব্যানার টাঙ্গাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হয়েছে এক স্কুল ছাত্র। আহত তৌহিদুল ইসলাম (১১) মহেশখালী পৌরসভার ঘোনাপাড়া গ্রামের রিয়াজুল করিমের ছেলে এবং মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় ঘোনাপাড়ায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ১০টায় স্থানীয় কয়েকজন যুবক মিলে আসন্ন ঈদে মিলাদুন্নবীর জুলুসের ব্যানার টাঙাতে তৌহিদকে গাছে তুলে দেয়। এ সময় বৃষ্টির পানিতে গাছটি ভেজা থাকায় গাছের ডালপালায় বিদ্যুতের তার থেকে তার শরীরে বিদ্যুতায়িত হয়। এতে তার পুরো শরীর ঝলসে গিয়ে সে গাছের ডালে আটকে থাকে। পরে অপর এক যুবক গাছে উঠে আহত কিশোরকে উদ্ধার করে প্রথমে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কক্সবাজার হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় তাকে চমেক হাসপাতালে নেওয়া হয়েছে।

মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মাহফুজুল হক বলেন, বিদ্যুৎস্পৃষ্টে আহত কিশোর তৌহিদের কোমর থেকে নিচের অংশ ঝলসে গেছে। অবস্থা গুরুতর বিধায় উন্নত চিকিৎসার জন্য তাকে জেলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিআইটিআইডি ইয়ার বুক প্রকাশনার মোড়ক উন্মোচন
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর আহ্বান মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করেছে