গরু লুটে বাধা দেয়ায় মালিককে গুলি করে হত্যা

চন্দনাইশে ডাকাতের হানা

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:১১ পূর্বাহ্ণ

চন্দনাইশে গরু লুট করে নিয়ে যাওয়ার সময় বাধা দেয়ায় ডাকাতের গুলিতে গরুর মালিক চন্দন দে (৭০) নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে চন্দনাইশ পৌরসভার ১ নং ওয়ার্ড বদুরপাড়াস্থ হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ভোর সাড়ে ৪টার সময় উত্তর গাছবাড়িয়া বদুরপাড়াস্থ পশ্চিম হিন্দুপাড়ায় একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। এ সময় ডাকাত দল নিতু দে’র গোয়ালের তালা কেটে ২টি গরু একটি সাদা মাইক্রোবাসে তোলে। এ সময় ডাকাত দল একইভাবে চন্দন দে’র গোয়াল ঘরের তালা কেটে গোয়ালে থাকা ৩টি গরু বের করে ফেলে। চন্দন দে গরু চুরির ঘটনা টের পেয়ে দ্রুত বাড়ি থেকে বের হয়ে আসে এবং ডাকাত দলকে বাধা দেয়। এ সময় ডাকাতদলের সাথে ধস্তাধস্তি ও শোর চিৎকারের এক পর্যায়ে ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে চন্দন দে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে পড়ে যান। গুলির আওয়াজ ও লোকজনের চিৎকারে স্থানীয়রা বের হলে ডাকাত দল চন্দন দে’র দুটি গরু ছেড়ে দিয়ে একটি গরু মাইক্রোবাসে তুলে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা চন্দন দে’কে আহত অবস্থায় উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় কাউন্সিলর মো. শাহেদ জানান, ভোরে একটি ডাকাত দল পশ্চিম হিন্দুপাড়া এলাকায় হানা দেয়। ডাকাত দলের সদস্যরা ওই এলাকার কৃষক চন্দন দে ও নিতু দে’র গোয়াল থেকে গরু লুট করে নিয়ে যাচ্ছিল। গরু নিয়ে যাওয়ার সময় চন্দন দে বাধা দিলে তাকে গুলি করে ডাকাতরা। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যায় চন্দন দে।

নিহতের স্ত্রী রুবী দে জানান, গোয়ালের টিন কাটার শব্দ পেয়ে ঘুম ভেঙে যায়। এ সময় তারা ঘর থেকে বের হতে চাইলে ডাকাতদলের সদস্যরা অস্ত্রে তাক করে শব্দ করতে নিষেধ করে। চোখের সামনে সংসারের শেষ সম্বল ৩টি গরু নিয়ে যাওয়ার সময় তার স্বামী বাধা দেয়ার চেষ্টা করলে ডাকাতদলের এক সদস্য তাকে কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। তিনি বলেন, ডাকাতরা ৩টি গরুর মধ্যে ১টি নিতে পারলেও ফেলে যায় ২টি। এরমধ্যে বড় ষাড়টির পা ভেঙে যাওয়ায় দেড় লাখ টাকা মূল্যের গরু ৭০ হাজার টাকায় বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

চন্দনাইশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধসাগরে জলদস্যুর গুলিতে জেলে নিহত পক্ষকালে ৫০ ফিশিং ট্রলার দস্যুর কবলে
পরবর্তী নিবন্ধতাহাজ্জুদ নামাজ : বিশেষ ফজিলতপূর্ণ আমল