গরুর শিংয়ের গুঁতোয় প্রাণ গেল স্কুলছাত্রীর

পথেই থেমে গেল পড়ালেখার স্বপ্ন

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ at ৫:৪৬ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় গরুর শিংয়ের গুঁতোয় শারাবন তাহুরা নিঝুম (১৫) নামে এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। যে মেয়েটির ২০২৬ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার হলে বসার কথা ছিল, সে আজ চিরনিন্দ্রায় শায়িতএই নির্মম বাস্তবতা যেন কেউই মেনে নিতে পারছেন না। পরিবারের স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ। বিশেষ করে মা রোকেয়া বেগমের আহাজারি যেন হৃদয় বিদীর্ণ করে দেয় সবাইকে। তিনি বারবার বিলাপ করে বলছেন, আমার মেয়ে সকালে হাসিমুখে বাড়ি থেকে বের হয়ে কোচিং সেন্টারে ক্লাস করতে যাচ্ছিল। সামনে এসএসসি পরীক্ষা তাই ভালো ফলাফল করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছিল। পরীক্ষার হলে বসার আগেই মেয়েটাকে কাফনের কাপড়ে জড়িয়ে বিদায় দিতে হচ্ছে। আমার মেয়েটা লেখাপড়া করে বড় মানুষ হওয়ার স্বপ্ন দেখছিল। আল্লাহ কেন তাকে এভাবে নিয়ে গেল।

গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। নিহত তাহুরা একই উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবহান নজর আলী সিকদার পাড়ার প্রবাসী মাহফুজুর রহমানের মেয়ে। সে পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, তাহুরা পদুয়াস্থ একটি কোচিং সেন্টারে ক্লাস করতে যাচ্ছিল। ঘটনাস্থলে প্রতি হাটবারে বিভিন্ন এলাকা থেকে বেপারীরা গরু বিক্রি করতে তেওয়ারি হাট বাজারে আসেন। ঘটনাস্থলে জসিম উদ্দিন নামে এক বেপারী গাড়ি থেকে নামিয়ে গরুকে রশি দিয়ে খুঁটির সাথে আটকে রাখে। হঠাৎ একটি কালো রংয়ের গরু উত্তেজিত হয়ে রশি ছিঁড়ে দৌঁড় দেয়। এ সময় স্কুলছাত্রী তাহুরাও গরু থেকে রক্ষা পেতে দৌঁড় দেয়। এক পর্যায়ে উত্তেজিত গরুটি তাহুরার পেছনে শিং দিয়ে গুঁতো দেয়। এতে সে ছিঁটকে পড়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে জোরে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একইদিন স্কুলছাত্রী তাহুরাকে নামাজে জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

জানা যায়, একই ঘটনায় সাতকানিয়া উপজেলার পশ্চিম চিববাড়ী খন্দকার পাড়ার আহমদ হোসেনের পুত্র কামাল হোসেন (৪১) নামে এক ব্যক্তিও আহত হয়েছেন।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কিশোয়ারা সাদিয়া জানান, মাথায় আঘাতপ্রাপ্ত এক কিশোরীকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহের সুরতহাল লিপিবদ্ধ শেষে স্বজনদের হাতে হস্তান্তর করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে যুবদলের দুইপক্ষের সংঘর্ষ, সকালে মিলল যুবকের লাশ
পরবর্তী নিবন্ধরাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের সায় চায় বাংলাদেশ