চট্টগ্রাম–৯ আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ রুমীর নির্বাচনী ইশতেহার গত শুক্রবার ঘোষণা করা হয়েছে। নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মাথাল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা এই প্রার্থীর ইশতেহার পাঠ করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির শহিদ শিমুল প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় ইশতেহারের সাথে সমন্বয় করে এবং উক্ত আসনের বিশেষত্ব বিবেচনায় পরিবর্তনের ৯ দফা ঘোষণা করা হয়। ইশতেহারে শিক্ষা, স্বাস্থ্য ও বাণিজ্যের নগরীর সার্বিক বাস্তবতাকে অগ্রাধিকার প্রদান করা হয়েছে। ৯ দফা ইশতেহারে আছে : ১. গলাকাটা হোল্ডিং ট্যাক্স আইন বাতিল, ২. স্বাস্থ্যসেবার মৌলিক সংস্কার, ৩. নারী, শিশু ও প্রবীণ নাগরিকের জন্য সেবা, ৪. প্রাণ, প্রকৃতির সুরক্ষা ও জলাবদ্ধতার স্থায়ী সমাধান, ৫. যানজট নিরসন ও গণপরিবহন, ৬. নাগরিক পরিষেবা ও বাণিজ্য, ৭. কর্মসংস্থান, তারুণ্য ও ক্রীড়া, ৮. শিক্ষা, সংস্কৃতি ও দক্ষতা উন্নয়ন এবং ৯. নগর পরিকল্পনায় নাগরিক অংশগ্রহণ ও মাস্টার প্ল্যান।











