চুলের খোঁপায় লুকিয়ে ইয়াবা পাচার করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন রাইসা আহমেদ রাফি (২৫) নামে এক নারী মাদক কারবারি। গতকাল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ বক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম। গ্রেপ্তার রাইসা আহমেদ কক্সবাজার জেলার ঈদগাঁও থানার জালালাবাদ ইউপির সৈয়দের বাড়ির মো. সৈয়দ আহমেদের মেয়ে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, একজন নারী মাদক কারবারি তার মাথার চুলের খোঁপায় ইয়াবা লুকিয়ে ঢাকাগামী একটি বাসে করে যাচ্ছিল। এই তথ্যের ভিত্তিতে মইজ্জ্যারটেক পুলিশ বক্সে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়। এরপর একটি বাসে সন্দেহভাজন ওই নারীকে নামিয়ে নারী কনস্টেবল তল্লাশি করলে তার মাথার চুলের খোঁপায় লুকানো ২৩০ পিস ইয়াবা জব্দ করা হয়।
ওসি মো. শাহীনূর আলম বলেন, গ্রেপ্তার নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।











