খাল দখল করে স্থাপনা নির্মাণ

রাঙ্গুনিয়ায় এক ব্যক্তিকে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ৯:১৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে এক ব্যক্তিকে ২ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার চন্দ্রঘোনা আধুরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার নাজমুল হাসানের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ।

অভিযানে দেখা যায়, রাস্তার পাশের একটি প্রবহমান খাল দখল করে স্থাপনা নির্মাণের ফলে পানির স্বাভাবিক প্রবাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। সরকারি জলাধার ও খাল দখলের অকাট্য প্রমাণ পাওয়ায় অভিযুক্ত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, খালটি দখলের কারণে আসন্ন বর্ষা মৌসুমে এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার ঝুঁকি তৈরি হচ্ছিল। প্রশাসনের এই সময়োপযোগী অভিযানের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি খাল বা জলাধার দখল করে স্থাপনা নির্মাণ আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থ রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ার স্বর্ণ ব্যবসায়ী নিহত, আহত ১
পরবর্তী নিবন্ধভিসা কার্যক্রম স্বাভাবিক করতে ভারত ইতিবাচক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী