খালেদা জিয়া শেষ দিন পর্যন্ত লড়াই করে গেছেন

আলোচনা সভায় খসরু

আজাদী প্রতিবেদন | শনিবার , ১০ জানুয়ারি, ২০২৬ at ৫:৪৬ পূর্বাহ্ণ

দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর শেষ দিন পর্যন্ত আধিপাত্যবাদীদের বিরুদ্ধে এবং স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বেগম জিয়া কোনো আপস করেননি। নিজের জীবনের বিনিময়ে উনি যে উপহার দিয়ে গেছেন সেটা আমাদের ধরে রাখতে হবে।

তিনি গতকাল শুক্রবার নগরের ৩৮ নং দক্ষিণ মধ্য হালিশহর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এরপর আমীর খসরু ৩৬ নং গোসাইলডাঙ্গা ও ৩৭ নং মুনির নগর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলেও অংশ নেন।

আমীর খসরু ৩৮ নং দক্ষিণ মধ্য হালিশহর কলসি দীঘিরপাড় জাফর আলী মালুম মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে সেখানে বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া, মিলাদ ও মোনাজাতে অংশ নেন। এসময় তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সমস্ত জাতি শোকাহত। দীর্ঘ সময় আমরা যার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি, যিনি আমাদের সাহস জুগিয়েছেন, যিনি আমাদের আপসহীনতা শিখিয়েছেন, আপসহীন বানিয়েছেন তিনি হচ্ছেন গণতন্ত্রের মা আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি মৃত্যুর শেষ দিন পর্যন্ত লড়াই করে গেছেন, কোনো আপস করেননি। নিজের জীবনের বিনিময়ে উনি যে উপহার দিয়ে গেছেন সেটা আমাদের ধরে রাখতে হবে। তিনি চাইলে সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা নিতে পারতেন, চিকিৎসা নিতে পারতেন কিন্তু উনি তা করেননি, আপস করেননি। শহীদ জিয়াউর রহমান গণতন্ত্রের যে মশাল উনার হাতে দিয়েছেন সেটি উনি তারেক রহমানের হাতে দিয়েছেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, মহানগর বিএনপির সদস্য হানিফ সওদাগর, কামাল উদ্দিন, মোহাম্মদ সেলিম, সালাউদ্দিন, জমির উদ্দিন, মাহবুব আলম বাচ্চু, হাজী হোসেন, আজম উদ্দিন ও হাজী মোহাম্মদ জাহেদ।

৩৬ নম্বর গোঁসাইলডাঙ্গা :

আমীর খসরু বিকেল সাড়ে চারটায় ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে বারিক মিয়া স্কুল মাঠে দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, গণতন্ত্রের যে মশাল দেশনেত্রী বেগম জিয়া তারেক রহমান সাহেবকে দিয়েছেন তিনি সেটি নিয়ে এগিয়ে চলেছেন। তারেক রহমান সাহেব আগামী দিনে কিভাবে দেশ পরিচালনা করবেন, তা তিনি পরিষ্কার করেছেন। আগামী দিনে যাতে সরকারের সুফল প্রত্যেকটি নাগরিকের ঘরে গিয়ে পৌঁছে সেই ব্যবস্থাও তিনি রেখেছেন। কোনো একটি গোষ্ঠীর কাছে বা কয়েকজনের কাছে ক্ষমতার সুফল থাকবে তা হবে না। ক্ষমতার মালিক হবে জনগণ।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য মোহাম্মদ মুসা, মো. সবুর, নুরুল আমিন, বিএনপি নেতা জাহিদুল হাসান, হুমায়ুন কবির সোহেল, মোহাম্মদ শাহজাহান, মহানগর ছাত্রদল আহ্বায়ক সাইফুল আলম, যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তানভীর, সফিউল আজম প্রমুখ। এর আগে তিনি ৩৭ নং মুনির নগর ওয়ার্ড বিএনপি ও অংসগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন। ওয়ার্ড বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সেলিম উদ্দিন শাহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সাবু ও হারুনুর রশিদের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন শ্রমিক দল নেতা শেখ নুরুল্লাহ বাহার, মহানগর বিএনপি নেতা হাসান মুরাদ, মোহাম্মদ কামাল উদ্দিন, ফারুক আহমেদ, শওকত আলী, জাহীঙ্গীর আলম, হুমায়ুন কবির, আমিনুল ইসলাম, সৈয়দ মোহাম্মদ ওসমান, মো. হাসান, শহীদুল আলম আরজু, এসাক সালেহ, সিরাজউদ্দিন, হারুনুর রশিদ শুক্কুর।

পূর্ববর্তী নিবন্ধআঁরে সবুজ সংকেত দিইয়্যে
পরবর্তী নিবন্ধবিয়ের এক সপ্তাহ আগে নিভে গেল জীবন প্রদীপ