খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, লন্ডন যেতে পারেন কাল

কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি বিকল্প বিমান আসছে জার্মানি থেকে

| শনিবার , ৬ ডিসেম্বর, ২০২৫ at ৫:০৪ পূর্বাহ্ণ

কারিগরি ত্রুটির কারণে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোয় খালেদা জিয়ার লন্ডন যাওয়া পিছিয়ে গেল। এখন জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে ঢাকায় পাঠানোর বন্দোবস্ত করেছে কাতার সরকার। সেই অ্যাম্বুলেন্স এলে এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনুকূল হলে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাকে লন্ডনে নেওয়া হবে বলে বিএনপি নেতারা জানিয়েছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্ধৃতি দিয়ে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, কারিগরি সমস্যার কারণে কাতারের মূল বিমানটি ঢাকায় পৌঁছাতে না পারায় খালেদা জিয়ার চিকিৎসার জন্য পূর্বপরিকল্পিত স্থানান্তর বিলম্বিত হচ্ছে। তিনি আরও বলেন, যদি ম্যাডাম (খালেদা জিয়া) ভ্রমণের উপযুক্ত হন এবং মেডিকেল বোর্ড অনুমোদন দেয়, তবে ইনশাআল্লাহ তিনি ৭ ডিসেম্বর (রোববার) দেশ ছাড়বেন। এদিকে গতকাল রাতে চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়ার অবস্থা যেমন ছিল, সেখান থেকে তেমন কোনো পরিবর্তন হয়নি। খবর বাসস ও বিডিনিউজের।

চিকিৎসকরা বলছেন, খালেদা জিয়ার অবস্থা যেমন ছিল, সেখান থেকে তেমন কোনো পরিবর্তন হয়নি। মেডিকেল বোর্ড দুপুরে এবং সন্ধ্যায় দুই দফা বৈঠক করেছে। এ দুটি বৈঠকে সবশেষ রিপোর্টগুলো পর্যালোচনা করা হয়। তবে খালেদা জিয়ার অবস্থার কোনো পরিবর্তন হয়নি।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন বলেন, কিছু পরীক্ষা বোর্ড দিয়েছে। সেগুলো করা হচ্ছে। এর বেশি কিছু বলার নেই। তবে একাধিক চিকিৎসক বলেন, বিএনপি চেয়ারপারসনের অবস্থা ক্রিটিক্যাল। সার্বক্ষণিক চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। তবে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ছাড়া এর বেশি বলার সুযোগ নেই।

এর আগে বৃহস্পতিবার দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, শুক্রবার মধ্যরাত বা ভোরের দিকে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়া হবে। পরে এদিন রাতে বিএনপির প্রেস উইং জানায়, কাতারের আমিরের যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার কথা রয়েছে সেটিতে কারিগরি সমস্যার কারণে এই যাত্রা দেরি হবে। বিএনপির একজন শীর্ষ নেতা বলেছেন, খালেদা জিয়ার মেডিকেল বোর্ড বৃহস্পতিবার তাকে বিদেশে নেওয়ার অনুমতি দিয়েছিল। কিন্তু রাতে তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটে। যাত্রা পিছিয়ে যাওয়ার এটাও একটি কারণ।

জার্মানি থেকে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে স্থানান্তরের উদ্দেশ্যে নতুন করে যে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে, তা কাতার সরকারের উদ্যোগে জার্মানি থেকে আসছে। কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আসাদুর রহমান আসাদ গতকাল জানান, কাতার সরকার একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করেছে, যা জার্মানি থেকে ঢাকায় আসবে। তিনি বলেন, খালেদা জিয়ার মেডিকেল টিমের সুপারিশ অনুযায়ী বিমানটি আসার কথা রয়েছে।

প্রাথমিকভাবে সাবেক প্রধানমন্ত্রীকে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার কথা থাকলেও কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় কাতার বিকল্প বিমান ভাড়া করেছে। কাতার সরকার যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করেছে সেটি হলো বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ (সিএল৬০)। জার্মানির শীর্ষস্থানীয় এয়ার অ্যাম্বুলেন্স ও মিশনক্রিটিক্যাল এভিয়েশন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এফএআই এভিয়েশন গ্রুপ এটি পরিচালনা করে। প্রতিষ্ঠানটি বোম্বার্ডিয়ার বিজনেস জেটের বহর পরিচালনা করে, যা রোগীদের জন্য চিকিৎসা পরিবহন ও ভিআইপি পরিবহন উভয় ক্ষেত্রেই ব্যবসা পরিচালনা করে। চ্যালেঞ্জার ৬০৪ দীর্ঘপাল্লার আন্তঃমহাদেশীয় সক্ষমতার জন্য পরিচিত। এটি আন্তর্জাতিক চিকিৎসা ফ্লাইটের জন্য উপযোগী।

পূর্ববর্তী নিবন্ধহানাদারমুক্ত হয় ফেনী
পরবর্তী নিবন্ধফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে, ফ্যাসিবাদ এখনো বিদায় নেয়নি