খামেনির মৃত্যুতে ইরানি শাসনব্যবস্থা আপনা আপনি ভেঙে পড়বে না : শেষ শাহের স্ত্রী

| শুক্রবার , ৬ মার্চ, ২০২৬ at ৬:৪২ পূর্বাহ্ণ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ হলেও তা ইরানের বর্তমান শাসনব্যবস্থার স্বয়ংক্রিয় পতন ডেকে আনবে না বলে মন্তব্য করেছেন দেশটির শেষ শাহের স্ত্রী ফারাহ পাহলভি। টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত হওয়ার তিন দিন পর মঙ্গলবার এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর বিডিনিউজের।

ফারাহ পাহলভি বলেন, কোনো একজন মানুষের মৃত্যু, তিনি ক্ষমতা কাঠামোর যতই কেন্দ্রে থাকুন না কেন, নিজে থেকে একটি ব্যবস্থার অবসান ঘটায় না। ৮৭ বছর বয়সী এই সাবেক সম্রাজ্ঞীর ভাষায়, আইনের শাসনের ভিত্তিতে পরিচালিত একটি রাষ্ট্রের শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সার্বভৌম রূপান্তরের লক্ষ্যে ইরানি জনগণ কতটা ঐক্যবদ্ধ হতে পারবে, সেটাই নির্ধারণ করে দেবে ভবিষ্যৎ। ১৯৭৯ সালে ইরানের ইসলামি বিপ্লবে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়তে বাধ্য হন ফারাহর স্বামী শাহ মোহাম্মদ রেজা পাহলভি। তখন থেকেই প্যারিসে নির্বাসিত জীবন কাটাচ্ছেন ফারাহ। ইরানের জনগণ যাতে নিজেদের ভবিষ্যৎ নিজেরা নির্ধারণ করতে পারে, সেই অধিকারকে সম্মান দেখাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছেন তিনি। এদিকে ইরানের ইসলামি সরকারের পতন হলে নিজেকে বিকল্প নেতৃত্ব হিসেবে তুলে ধরছেন ফারাহ পাহলভির ছেলে রেজা পাহলভি। মঙ্গলবার এক এক্স পোস্টে তিনি ইরানের বিভিন্ন জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানান। পাশাপাশি চলমান সংঘাতকে ‘সুযোগ’ হিসেবে ব্যবহার না করার ইঙ্গিত দেন। যুক্তরাষ্ট্রে বসবাসরত রেজা পাহলভি ১৯৭৯ সালের বিপ্লবের আগে থেকে আর ইরানে যাননি।

পূর্ববর্তী নিবন্ধজেন-জি বিক্ষোভের পর পরিবর্তনের আশায় ভোট দিচ্ছে নেপাল
পরবর্তী নিবন্ধইরানে ট্রাম্পের যুদ্ধের লাগাম নিতে আনা প্রস্তাব সেনেটে আটকাল রিপাবলিকানরা