খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গোলাবারুদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শুক্রবার বিকেলে উপজেলার দুর্গম বৌদ্ধমনিপাড়া কাঠালতলী এলাকা থেকে এসব গোলাবারুদ উদ্ধার করা হয়। গতকাল শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবির পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৌদ্ধমনিপাড়া বিওপির নায়েব সুবেদার মো. শাহআলমের নেতৃত্বে একটি টহলদল ওই এলাকায় অবস্থান নেয়। বিকেল চারটার দিকে দুটি মোটরসাইকেলে আসা চার সন্দেহভাজন ব্যক্তিকে বিজিবি চ্যালেঞ্জ করলে তারা মোটরসাইকেল ফেলে পাহাড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ করা হয়। বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত গোলাবারুদ নিয়ে ফেরার সময় শতাধিক সন্ত্রাসী বিজিবি টহলদলকে ঘেরাও করার চেষ্টা করে। খবর পেয়ে ব্যাটালিয়ন সদর থেকে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এস এম ইমরুল কায়েসের নেতৃত্বে অতিরিক্ত দুটি টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা সরে যায়।
পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। এ ধরনের অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত টহল অব্যাহত থাকবে।














