খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিষিদ্ধ গোদা কাঠ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি | সোমবার , ২ মার্চ, ২০২৬ at ১১:৪২ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে কর্তনকৃত নিষিদ্ধ অবৈধ গোদা কাঠ জব্দ করা হয়েছে। গত শুক্রবার রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গতকাল বোরবার এক বিবৃতিতে এতথ্য জানায় সেনাবাহিনী।

জানা যায়, বেতছড়ি সাবজোন কমান্ডারে ক্যাপ্টেন মো. হাসনাইন আলভীর নির্দেশনায় সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. কামাল হোসেনের নেতৃত্বে বেতছড়ি আর্মি চেকপোস্টে দুইটি চাঁন্দের গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় ১৩৫ টুকরো গোদা কাঠ জব্দ করা হয়। জব্দকৃত কাঠের পরিমাণ প্রায় ১৫০.৬৬ ঘনফুট, যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ২৬ হাজার ৪০০ টাকা।প্রাথমিকভাবে জানা গেছে, কাঠগুলো বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করা হয়েছিল। সেগুলো দীঘিনালা উপজেলার মেরুইউনিয়নের হাজাছড়া এলাকা হয়ে পাচারের উদ্দেশ্যে খাগড়াছড়ির দিকে নেওয়া হচ্ছিল।অভিযান শেষে জব্দকৃত কাঠ মেরুং রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মেরুং রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. নজরুল ইসলাম। তিনি বলেন, বিপন্ন প্রজাতির হওয়ায় ২০১৭/১৮ সালের দিকে গোদা গাছ কাটা নিষিদ্ধ করেছে সরকার। সেনাবাহিনীর উদ্ধার অভিযানে জব্দ কাঠ বন বিভাগের হেফাজতে রয়েছে। কাঠ পাচারে জড়িত থাকার অভিযোগে অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে মামলা দায়ের করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্নস্থানে ইফতার মাহফিল
পরবর্তী নিবন্ধপার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে : পার্বত্য মন্ত্রী