খাগড়াছড়িতে সুষ্ঠু নির্বাচনে মোতায়েন থাকবে ২৯ প্লাটুন বিজিবি

খাগড়াছড়ি প্রতিনিধি | বুধবার , ২৮ জানুয়ারি, ২০২৬ at ১০:৪৮ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে নির্বাচন সুষ্ঠু করতে মোতায়েন থাকবে ২৯ প্লাটুন বিজিবি। গতকাল মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি বিজিবি সেক্টরের আওতাধীন বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) সদরদপ্তরে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ।

তিনি বলেন, একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত, আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের ভোটাধিকার সুরক্ষায় দায়িত্ব পালন করবে। সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। ভোটাররা যেন নিরাপদে ও ভীতিহীন পরিবেশে ভোট প্রদান করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করবে। ইতোমধ্যে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে বিজিবি। তিনি আরও জানান, আগামী ১ ফেব্রুয়ারি থেকে সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য নির্বাচনী দায়িত্বে মোতায়েন থাকবে। খাগড়াছড়ি সেক্টরের আওতাধীন দুই জেলা ও ছয় উপজেলার ১৩৮টি ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে ২৯ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবে। এর মধ্যে দীঘিনালা উপজেলায় ৩০টি ভোটকেন্দ্রে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে এবং অতিরিক্ত দুই প্লাটুন রিজার্ভ ফোর্স হিসেবে প্রস্তুত রাখা হবে।

প্রেসব্রিফিংয়ে আরও জানানো হয়, ভোটকেন্দ্র পরিদর্শন, ড্রোন নজরদারি, মহড়া ও প্রয়োজনীয় প্রশিক্ষণ কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে বিজিবির কুইক রেসপন্স ফোর্সসহ বিশেষ ইউনিটগুলো সর্বদা প্রস্তুত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধডা. ফজলুল-হাজেরা ডিগ্রি কলেজে অগ্নি নির্বাপণ মহড়া
পরবর্তী নিবন্ধইউসেপ চট্টগ্রাম রিজিওনে শিশু অধিকার ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক কর্মশালা