খাগড়াছড়িতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ at ১০:৩৪ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি জেলা শহরের চেঙ্গি স্কয়ার এলাকায় টোটন দে (৪০) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তার নিজ বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত টোটন দে জেলার মহালছড়ি উপজেলার টিলাপাড়া এলাকার মৃত নির্মল দে ও মুকুল রানীর ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে টোটন দে বাসায় একা ছিলেন। তার স্ত্রী ও দুই সন্তান বাড়িতে ছিলেন না। বুধবার সকালে স্ত্রী বাসায় ফিরে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে টোটন দে’র ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

খাগড়াছড়ি সদর থানার এএসআই সেন্টু চন্দ্র দাশ বলেন, টোটন দে পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। বিভিন্ন ব্যাংকে তার প্রায় ৪৩ লাখ টাকা সিসি লোন ছিল। ঋণের বোঝা ও মানসিক হতাশা থেকে তিনি আত্মহননের পথ বেছে নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসেহেরির সময় নিজ ঘরে গৃহবধূর রক্তাক্ত মরদেহ
পরবর্তী নিবন্ধসিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ২ এপ্রিল