খাগড়াছড়িতে বর্ষবরণে বর্ণিল আয়োজন

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ১১ এপ্রিল, ২০২৬ at ১১:৩৪ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে নানা আয়োজনে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করছে ত্রিপুরা সমপ্রদায়। গতকাল শুক্রবার সকালে জেলার দীঘিনালায় বর্নিল শোভাযাত্রা বের করে বৈসু উদযাপন কমিটি। বোয়ালখালী নতুন বাজার থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে গরিয়া নৃত্য পরিবেশন করে শিল্পীরা। বর্ণিল এসব আয়োজনে সামিল হয় বিভিন্ন বয়সী মানুষ। পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণে ত্রিপুরাদের প্রধান সামাজিক উৎসব বৈসু। শোভাযাত্রা শেষে ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করে শিল্পীরা। বৈসু উদযাপন কমিটির আহ্বায়ক অনিল ত্রিপুরা বলেন, আমাদের ত্রিপুরা সমপ্রদায়ের হাজার বছরের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি রয়েছে। উৎসবের মধ্য দিয়ে সেসব সংস্কৃতির স্বকীয়তা রক্ষা পাবে। প্রতিবছরের মতো এবার আমাদের কালারফুল শোভাযাত্রা করেছি। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত নানা আনুষ্ঠানিকতা চলবে।

এদিকে নতুন বছরকে বরণে মারমা উন্নয়ন সংসদের উদ্যোগে ৫ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। এ সময় পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান উপস্থিত ছিলেন। মারমা সমপ্রদায়ের কৃষ্টিসংস্কৃতি রক্ষার্থে এবং নতুন বছরকে বরণে খাগড়াছড়িতে মারমা সমপ্রদায়ের ঐতিহ্যবাহী ‘দঃ’ ও ‘আলারী’ খেলার আয়োজন করা হয়। আগামী ১৪ এপ্রিল অনুষ্ঠিত হবে মারমাদের ঐতিহ্যবাহী মৈত্রী পানিবর্ষণ বা রিআকাজা। উদ্বোধনী অনুষ্ঠানে মারমাদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ডিসপ্লে প্রদর্শন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবায়েজিদে ইসলামী ফ্রন্টের সমাবেশ
পরবর্তী নিবন্ধচা-শ্রমিকরা দেশের সম্পদ, তাদের জীবনমান উন্নয়ন জরুরি