খাগড়াছড়িতে বজ্রপাতে এক জনের মৃত্যু

বাঘাইছড়িতে শিলাবৃষ্টিতে বসতঘর ও ফসলের ক্ষতি

খাগড়াছড়ি ও রাঙামাটি প্রতিনিধি | সোমবার , ৩০ মার্চ, ২০২৬ at ৬:০৭ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির গুইমারায় বজ্রপাতে গহন কুমার ত্রিপুরা (৫৮) নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সাইংগুলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গহন কুমার ত্রিপুরা ঐ এলাকার মৃত নন্দিকুমার ত্রিপুরার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য সুইউ মারমা জানায়, গতকাল বিকালে ৪টার দিকে গহন কুমার ত্রিপুরা নিজ বাসায় রান্না ঘরে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলে মারা যান।

বাঘাইছড়ি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুই ইউনিয়নে শিলাবৃষ্টিতে বসতঘর ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত শনিবার বিকালে উপজেলার খেদারমারা ও আমতলী ইউনিয়নে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হয়। এতে দুই ইউনিয়নের মানুষের বসতঘর ও ফসলের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্টু চাকমা বলেন, শনিবার বিকাল ৫টার দিকে ঝড় ও শিলাবৃষ্টিতে আমাদের ইউনিয়নের প্রায় ২৫০ থেকে ৩০০ ঘরবাড়ির টিনের ছাউনি ফুটো হয়ে বসবাসের অযোগ্য হয়ে গেছে। এছাড়া বিভিন্ন ফসলি জমিও ক্ষয়ক্ষতি হয়েছে।

আমলতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মজিবুর রহমান বলেন, আমার ইউনিয়নে প্রায় শতাধিক পরিবারের ঘরবাড়ি শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকের ঘরের ছাউনি ছিদ্র হয়ে গেছে, আবার অনেকের ঘরের ছাউনি ঝড়ো হাওয়ায় উড়ে গেছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বলেন, আমাকে খেদারমারা ইউনিয়নের চেয়ারম্যান জানিয়েছে, সেখানে শিলাবৃষ্টিতে ঘরের টিনের ছাউনি ফুটো হয়ে গেছে। ফসলেরও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অন্যান্য ইউনিয়নের খবর এখনো আমরা পাইনি। যার ফলে ক্ষয়ক্ষতির সংখ্যাটা এখন বলা যাচ্ছে না। আমরা ক্ষতিগ্রস্তের তালিকা নেওয়ার চেষ্টা করছি।

পূর্ববর্তী নিবন্ধইরানের হামলায় সৌদিতে মার্কিন বিমান ধ্বংস
পরবর্তী নিবন্ধআনোয়ারায় অর্ধশত স্কুলে পৌঁছেনি খাবার