খাগড়াছড়ির দীঘিনালায় তামাকের চুল্লীতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। গতকাল মঙ্গলবার দুপুরে দীঘিনালা উপজেলার কবাখালী ইউপির হাচিনসনপুর এলাকায় তামাক চুল্লীতে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা বলেন, পরিবেশ সংরক্ষণ আইনে তামাক চুল্লী স্থাপনের ক্ষেত্রে কোনো সুস্পষ্ট বিধি-বিধান নেই।
এসব তামাক চুল্লীতে বনায়ন ধ্বংস করে বিষাক্ত তামাক পোড়ানো হচ্ছে। পরিবেশ হুমকির মুখে পড়ছে, বায়ুদূষণও হচ্ছে। পরিবেশ সংরক্ষণ আইনে পৃথক ৪টি মামলায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।












