খাগড়াছড়িতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে তৎপর প্রশাসন

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ৭ মার্চ, ২০২৬ at ১১:১২ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি রোধে তেলের দোকান ও পেট্রোল পাম্পগুলোতে তদারকি করেছে সেনাবাহিনীর দীঘিনালা জোন ও উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার সকালে উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প ও তেলের দোকানে গিয়ে মালিক ও ব্যবস্থাপকদের সাথে কথা বলেন দীঘিনালা জোনের জোন অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন আব্দুল্লাহ আল আজমী এবং দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজ। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ জানান, বিভিন্ন মাধ্যমে তথ্য পাওয়া গেছে যে দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারসহ পার্শ্ববর্তী বাজারগুলোর কিছু পেট্রোল পাম্প ও তেলের দোকানে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করতে দোকান বন্ধ রাখা হচ্ছে এবং সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে তেল বিক্রি করা হচ্ছে। এসব অভিযোগের প্রেক্ষিতে সেনাবাহিনীর দীঘিনালা জোন ও উপজেলা প্রশাসন যৌথভাবে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্কতামূলক বার্তা প্রদান করে।

তিনি আরও জানান, ভবিষ্যতে কেউ যদি কৃত্রিম সংকট সৃষ্টি করে বা সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি করে, তবে প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযান চলাকালে সংশ্লিষ্ট পেট্রোল পাম্প ও তেলের দোকানগুলোতে জ্বালানি তেলের মজুত ও বিক্রয় কার্যক্রমও পর্যবেক্ষণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মাদকসহ একজন আটক, মদ ও গাঁজা উদ্ধার
পরবর্তী নিবন্ধরমজানের শিক্ষা প্রকৃত মানুষ হতে সহায়ক