ক্ষমতা সুসংহত হল জাপানের লৌহমানবী তাকাইচির

নির্বাচনে ঐতিহাসিক জয়

| মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ at ১:০৭ অপরাহ্ণ

জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির জোট পার্লামেন্টের নিম্নকক্ষের নির্বাচনে ঐতিহাসিক জয় পাওয়ায় ক্ষমতাসীনদের প্রতিশ্রুত করছাড় বাস্তবায়ন এবং চীনকে মোকাবিলায় সামরিক বাহিনীর পেছনে খরচ বাড়ানোর পথ খুলল। খবর বিডিনিউজের।

রোববারের নির্বাচনে রক্ষণশীল তাকাইচির দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) নিম্নকক্ষের ৪৬৫টি আসনের মধ্যে একাই ৩১৬টি আসন জিতেছে। এটাই কোনো নির্বাচনে দলটির সেরা ফল, বলছে বার্তা সংস্থা রয়টার্স। জোটের শরিক জাপান ইনোভেশন পার্টির (ইশিন নামে পরিচিত) কল্যাণে নিজেকে ব্রিটেনের লৌহমানবী মার্গারেট থ্যাচার দ্বারা অনুপ্রাণিত বলা তাকাইচি এখন জাপানের পার্লামেন্টের শক্তিশালী নিম্নকক্ষের ৩৫২টি আসনের ওপর নিয়ন্ত্রণ পেতে যাচ্ছেন, যা তাকে দুইতৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার কর্তৃত্ব এনে দেবে, যার ফলে উচ্চকক্ষের বাধা টপকে আইনে পাস সহজ হবে। জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষে তাকাইচির দলের সংখ্যাগরিষ্ঠতা নেই।

শীতের ভোটে তুষারঝড় : নির্বাচনের সঙ্গে বড় বড় নীতি পরিবর্তনের প্রসঙ্গ জড়িয়ে আছে। বিশেষ করে অর্থনৈতিক ও রাজস্ব নীতি বড় রদবদল, পাশাপাশি নিরাপত্তা নীতি জোরদারের প্রসঙ্গও আছে। এসব নীতি নিয়ে এতদিন ধরে ব্যাপক বিরোধিতা দেখা গেছে। যদি আমরা জনসমর্থন পাই তাহলে সর্বশক্তি দিয়েই আমাদের এসব ইস্যুর সমাধানে এগিয়ে যেতে হবে, ভোটের ফল যখন একটু একটু করে আসতে শুরু করেছে তখন টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন তাকাইচি। ফল ঘোষণার পর তাকাইচিকে অভিনন্দন জানাতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, তার রক্ষণশীল, শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার এজেন্ডা পাসে শুভকামনা থাকলো। নির্বাচন ডাকার মতো সাহসী ও বিচক্ষণ সিদ্ধান্ত তাকে বড় সাফল্য এনে দিয়েছে, বলেছেন ট্রাম্প। আগামী মাসেই হোয়াইট হাউসে তার সঙ্গে তাকাইচির দেখা হওয়ার কথা। গত বছরের শেষ দিকে তাকাইচি জাপানে দীর্ঘদিন ক্ষমতায় থাকা এলডিপির প্রধান পদে আসীন হওয়ার পর থেকেই তার জনপ্রিয়তা বাড়ছিল, এই সুযোগকে কাজে লাগাতেই ৬৪ বছর বয়সী লৌহমানবী শীতকালে আগাম নির্বাচন ডেকে বসেন। তার সোজাসাপ্টা কথা, কঠোর পরিশ্রমী ভাবমূর্তি ভোটারদের আকৃষ্ট করলেও তাকাইচির কট্টরজাতীয়তাবাদী ঝোঁক ও নিরাপত্তা ইস্যুতে বেশি জোর চীনের সঙ্গে সম্পর্ক খারাপ করেছে।

পূর্ববর্তী নিবন্ধভারতের পার্লামেন্ট ও ৯ স্কুলে বোমা হামলার হুমকি
পরবর্তী নিবন্ধসুষ্ঠু নির্বাচন ও গণভোটের লক্ষ্যে বাঁশখালী সেন্ট্রাল কমান্ড ইউনিট গঠন