ক্ষমতা নয়, জনগণের সেবাই আমার অগ্রাধিকার

নির্বাচনি ইশতেহার ঘোষণাকালে ডা. ফজলুল হক

| মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ৯ আসনের জন্য উন্নয়ন, ন্যায়বিচার ও মানবিক মর্যাদাকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন জামায়াত মনোনীত ও ১১ দল সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ কে এম ফজলুল হক।

গতকাল সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এই ইশতেহার উপস্থাপন করেন। এসময় তিনি বলেন, চট্টগ্রাম ৯ আসন একটি ঘনবসতিপূর্ণ নগর ও শিল্পাঞ্চলভিত্তিক এলাকা। এখানে শ্রমজীবী মানুষ, নারী কর্মী, ক্ষুদ্র ব্যবসায়ী ও তরুণ সমাজই মূল চালিকাশক্তি। কিন্তু অপরিকল্পিত নগরায়ন, জলাবদ্ধতা, কর্মসংস্থানের সংকট ও নাগরিক সেবার ঘাটতি মানুষের জীবনকে প্রতিনিয়ত কঠিন করে তুলছে। তবে এই বাস্তবতা পরিবর্তন করাই আমার মূল লক্ষ্য। ক্ষমতা নয়, জনগণের সেবাই আমার অগ্রাধিকার। ইশতেহারে স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিটি ওয়ার্ডে আধুনিক কমিউনিটি হেলথ সেন্টার স্থাপনের কথা জানান ডা. এ কে এম ফজলুল হক। একই সঙ্গে মা ও শিশু স্বাস্থ্যসেবা সমপ্রসারণ, ২৪ ঘণ্টার জরুরি চিকিৎসা, স্বল্প খরচে ডায়াগনস্টিক সুবিধা এবং টেলিমেডিসিন চালু করা হবে। তিনি আরো বলেন, ডিজিটাল ও আধুনিক শিক্ষাব্যবস্থার পাশাপাশি তরুণদের জন্য এ আই সার্টিফিকেশন কোর্স, রোবোটিঙ ট্রেনিং ইনস্টিটিউট ও সায়েন্স ক্লাব গঠন করা হবে। ইশতেহার ঘোষণাকালে উপস্থিত ছিলেন নগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম ৯ আসনের পরিচালক ফয়সাল মোহাম্মদ ইউনুস প্রমুখ।

সংবাদ সম্মেলনে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে পরিকল্পিত সড়ক ও ফুটপাত, আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা, মাল্টিলেভেল পার্কিং এবং দ্রুত অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার কথা জানান ডা. এ কে এম ফজলুল হক। তিনি বলেন, উন্নয়ন মানে শুধু অবকাঠামো নয়। উন্নয়ন মানে মানুষের নিরাপত্তা, ন্যায্য অধিকার ও মানবিক মর্যাদা। তিনি চট্টগ্রাম৯ আসনকে একটি আধুনিক, কর্মসংস্থানসমৃদ্ধ ও মানবিক নগর জনপদ হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচন উপলক্ষে যেসব যানবাহনে নিষেধাজ্ঞা দিল সিএমপি
পরবর্তী নিবন্ধসাংবাদিক-ভোটাররা কেন্দ্রে মোবাইল নিতে পারবেন, গোপন কক্ষে নয় : ইসি