নিউমুরিং কন্টেনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক–কর্মচারীদের আন্দোলনে রাজস্ব ক্ষতি নিরূপণ ও দায়ীদের চিহ্নিত করতে ৬ সদস্যের একটি কমিটি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে পাঁচ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বন্দরের সদস্য (প্রকৌশল) কমডোর মাযহারুল ইসলাম জুয়েলকে প্রধান করে কমিটিতে সদস্যসচিব করা হয়েছে ডেপুটি ট্রাফিক ম্যানেজার হাসিনা আরজুকে। কমিটির অন্য সদস্যরা হলেন চট্টগ্রাম কাস্টমসের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ তাফসির উদ্দিন ভূইয়া, বন্দরের সিনিয়র ড্রেজিং মাস্টার লে. কমান্ডার আশিক মাহমুদ, বন্দরের উপ–পরিচালক (নিরাপত্তা) মেজর আনিস–উজ–জামান ও বন্দরের চিফ পারসোনাল অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন।
আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল শনিবার সকাল থেকে কর্মবিরতি শুরু করে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। আন্দোলনের কারণে গতকাল সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত বন্দরের অভ্যন্তরে অপারেশনাল কার্যক্রম বন্ধ থাকে।
চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ ওমর ফারুক গত রাতে আজাদীকে বলেন, কর্মবিরতির কারণে বন্দরের কার্যক্রমে প্রভাব পড়েছে। জাহাজে কাজ ঠিকভাবে চললেও ভেতরে গাড়ি প্রবেশের ক্ষেত্রে বাধা দেওয়া হয়। সব মিলিয়ে বন্দরের ক্ষতি নিরূপণ করতে কমিটি করা হয়েছে। কমিটিকে ক্ষতির পরিমাণ নিরূপণের পাশাপাশি দায়ী ব্যক্তিদের তালিকা করা এবং ক্ষতিপূরণ আদায়ের উপায় বের করার সুপারিশ দিতেও বলা হয়েছে।












