ক্লাসে শিক্ষকদের মনোযোগী হতে হবে

মতবিনিময়কালে চবি উপাচার্য

| মঙ্গলবার , ৭ এপ্রিল, ২০২৬ at ১১:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্‌ফোরকানের সঙ্গে গতকাল সোমবার ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সস এন্ড ফিশারিজ অনুষদভুক্ত শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, গবেষণা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নে বিভিন্ন পরামর্শভিত্তিক ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

উপাচার্য বলেন, ক্যাম্পাসে একাডেমিক এঙিলেন্সি ফিরিয়ে আনতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আগামী ৩ মে থেকে আমাদের ওবিই কারিকুলামে সেমিস্টার পদ্ধতিতে পাঠদান শুরু হবে। এক্ষেত্রে শিক্ষকদের সর্বোচ্চ সহযোগিতা প্রয়োজন। এজন্য ক্লাসে শিক্ষকদের মনোযোগী হতে হবে। সময় মতো ক্লাস নেওয়া, পরীক্ষা নেওয়া, সময়ের মধ্যে খাতা কেটে শেষ করা এবং ফলাফল প্রকাশসহ যাবতীয় কার্যক্রমে যত্নবান হতে হবে। সেশনজট শুন্যে নিয়ে আসতে হবে। গবেষণায় মনোযোগী হতে হবে এবং শিক্ষার্থীদেরও গবেষণায় উদ্বুদ্ধ করতে হবে।

তিনি বলেন, নিজের প্রতি দায়বদ্ধ থাকতে হবে। সব সময় নিজ বিভাগ তথা বিশ্ববিদ্যালয়কে ধারণ করতে হবে, তাহলেই সম্মিলিত সহযোগিতায় বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষকদের সহযোগিতা কামনা করেন উপাচার্য। তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিন অনুষদের উপস্থিত শিক্ষকবৃন্দ এমন সভা আয়োজনের জন্য ধন্যবাদ জানান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন উপস্থিত শিক্ষকবৃন্দ। প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দীর সঞ্চালনায় উপস্থিত শিক্ষকবৃন্দ বিভিন্ন মতামত, পরামর্শ এবং বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন। বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলআমীন। উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী ও মেরিন সায়েন্সস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় চিংড়ি ঘেরে চাঁদাবাজির অভিযোগে ১ ব্যক্তি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধমহাসড়কে দুর্ঘটনা রোধে ফুটওভার ব্রিজ নির্মাণ ও ফুটপাত দখল মুক্ত করাসহ ৭ দাবি