সিসিএস ট্যালেন্ট কাপ টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে টানা চার ম্যাচ জিতে ‘সি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে ক্রিসেন্ট ক্লাব। এদিকে শাহজাহান সংঘ দ্বিতীয় জয় তুলে নিয়েছে। গতকাল রোববার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ৫ম রাউন্ডে ‘সি’ গ্রুপে দিনের প্রথম খেলায় ক্রিসেন্ট ক্লাব ৮ উইকেটে টিম আইএসসিএলকে পরাজিত করে। গ্রুপ শীর্ষে উঠার জন্য ম্যাচটি দু’দলের জন্যই ছিল গুরুত্বপূর্ণ। কারণ দু’দলই আগে ছয় পয়েন্ট করে অর্জন করে শীর্ষে যাওয়ার লড়াইয়ে ছিল। প্রথম খেলা হারার পরে টানা চার ম্যাচ জিতেছে ক্রিসেন্ট ক্লাব। তাদের পয়েন্ট ৯। টিম আইএসসিএল তিন খেলায় জয় এবং দুই খেলায় পরাজিত হয়ে ৬ পয়েন্ট অর্জন করেছে।
গতকাল টসে জিতে টিম আইএসসিএল প্রথমে ব্যাট করতে নামে। ২০ ওভার খেলে ৯০ রানে তারা সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে ইশতিয়াক হোসেন রিপনের ব্যাট থেকে। তিনি করেন ২৬ রান। ১৯ রান করে মঞ্জুরুল আলম। এ দু’জন ছাড়া আর কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। অতিরিক্ত থেকে আসে ২২ রান। ক্রিসেন্ট ক্লাবের পক্ষে রাহাদুল আমিন শাওন ১৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। ২টি উইকেট পান সাদিত হোসেন অনিক। ১টি করে উইকেট পান জুনাইদ বিন জসিম, আশরাফুল আলী তানভীর এবং বিক্রম দত্ত।
জবাবে ব্যাট করতে নেমে ১৩.৫ ওভারে ২ উইকেট খুঁইয়েই ৯৩ রান তুলে নেয় ক্রিসেন্ট ক্লাব। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নীলাচল এদিন ১২ রান করে আউট হয়ে যান। অপর ওপেনার শ্রীকান্ত বৈষ্ণব ১৯ রান করেন। পরে সানি দাশ এবং ওয়াহিদ মুরাদ দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। দুজনেই অপরাজিত থাকেন যথাক্রমে ২১ এবং ২৩ রানে। অতিরিক্ত থেকে আসে ১৮ রান। টিম আইএসসিএলের পক্ষে ১টি করে উইকেট পান সাইদ মো. জুনাইদ এবং মারওয়ান চৌধুরী।
প্লেয়ার অব দি ম্যাচ নির্বাচিত হন রাহাদুল আমিন শাওন। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর মুজিবুর রহমান এবং সাবেক ক্রিকেটার আহসানুল আবেদিন জনি। দিনের অপর ম্যাচে শহীদ শাহজাহান সংঘ জুনিয়র ১৩ রানে এলিট পেইন্ট আর সিকে পরাজিত করে। এটি শাহজাহান সংঘের দ্বিতীয় জয়। পাঁচ খেলায় তিনটি হার এবং ২টি জয় নিয়ে তারা টুর্নামেন্ট শেষ করেছে। এলিট পেইন্টেরও দুটি জয়,তিনটি পরাজয়। টসে জিতে শাহজাহান সংঘ প্রথমে ব্যাট করে। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা ১২০ রান সংগ্রহ করে। দলের পক্ষে মাহতাব ১৯ বলে সর্বোচ্চ ৩৫ রান করে অপরাজিত থাকেন। ৩টি চার এবং ২টি ছক্কা মারেন তিনি। এছাড়া বিশপ ৩টি চার এবং ১টি ছয়ের সাহায্যে ২৪ বলে ২৫ রান করেন। অন্যদের মধ্যে সোহেল ১৫,সাদ সুমন ও নাসিম দুজনেই ১৪ রান করে সংগ্রহ করেন। এলিট পেইন্টের পক্ষে ২টি করে উইকেট নেন ফাইয়াজ এবং রবি। ১টি করে উইকেট পান শাকিল এবং মিসবাহ।
জবাবে এলিট পেইন্ট ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৭ রান তুলে থেমে যায়। দলের পক্ষে নিলয় ৩টি চার এবং ১টি ছক্কায় ৩২ রান করেন। অন্যদের মধ্যে রবি ২২,শরীফ ১৪ এবং মিসবাহ ১৩ রান করেন।
শাহজাহান সংঘ জুনিয়রের পক্ষে ২টি করে উইকেট তুলে নেন সোহেল,সাকিব এবং মাহতাব। প্লেয়ার অব দি ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের মাহতাব। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর নাসির মিয়া এবং সাবেক ক্রিকেটার শাহেদুল খবীর। আজকের প্রথম খেলায় অংশ নেবে মাদারবাড়ী উদয়ন সংঘ এবং আবেদিন ক্লাব(সকাল–৯টা),দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে বন্দর সাদা এবং বাকলিয়া একাদশ(বেলা–১টা)। দুটি খেলাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।














