সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট কাপ টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ক্রিসেন্ট ক্লাব এবং টিম আইএসসিএল নিজ নিজ খেলায় জয় পেয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় ক্রিসেন্ট ক্লাব মাত্র ৪ রানে শহীদ শাহজাহান সংঘ জুনিয়রকে পরাজিত করে। শাহজাহান সংঘ জুনিয়রের এটি টানা দ্বিতীয় পরাজয়। অন্যদিকে ক্রিসেন্ট ক্লাব দুই খেলায় প্রথম জয় পেল। গতকাল টসে জিতে ক্রিসেন্ট ক্লাব প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ১১৪ রান তোলে। দলের পক্ষে আশরাফুল আলী তানভীর ২৭,ওয়াহিদ মুরাদ ২৫,নীলাচল বড়ুয়া ১৮ এবং জুনাইদ বিন জসিম অপরাজিত ১১ রান সংগ্রহ করে। অতিরিক্ত থেকে আসে ১১ রান। শাহজাহান সংঘ জুনিয়রের পক্ষে সোহেল ৩টি এবং তাহির আহমেদ ২টি উইকেট নেন। জবাবে শহীদ শাহজাহান সংঘ জুনিয়র জয়ের কাছাকাছি গিয়েও হোচট খায়। ১৯ ওভারে ৯ উইকেটে তাদের রান ওঠে ১০৭ রান। শেষ ওভারে তাদের দরকার ছিল ৮ রান করার। কিন্তু দুই বল খেলতেই ৩ রান তুলে উইকেট হারায় তারা। দলের শেষ ব্যাটার আবদুর রহমান রান আউটের শিকার হন। ফলে ১৯.২ ওভারে সব উইকেট হারিয়ে তাদের সংগ্রহে জমা পড়ে ১১০ রান। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন ওপেনার নূর হোসেন তামিম। তিনি ৪১ বল খেলে ৪০ রান করেন ৫টি চার এবং ১টি ছক্কায়। এছাড়া আবু বক্করের ব্যাট থেকে আসে ২৩ রান। অতিরিক্ত রান হয় ১৯ রান। ক্রিসেন্ট ক্লাবের পক্ষে ২টি করে উইকেট নেন শাহাদাত হোসেন অনিক এবং জুনাইদ বিন জসিম। বিজয়ী দলের আশরাফুল আলী প্লেয়ার অব দি ম্যাচ নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন অতিথি শাহ পরান নিশান।
অপর ম্যাচে টিম আইএসসিএল ২৯ রানে বন্দর সাদা দলকে পরাজিত করে। দুটি দলই একটি খেলায় জয়,একটি খেলায় পরাজিত হয়েছে। গতকাল টসে জিতে আইএসসিএল প্রথমে ব্যাট করতে নামে। তারা ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে। ওপেনার মুশফিকুল আলম ৬৭ বলে ৬৬ রান তুলে অপরাজিত থাকেন। ৮টি চার এবং ১টি ছক্কা হাঁকেন তিনি। এছাড়া অর্ঘ্য চৌধুরী মিস্টু ৪৬ রানে অপরাজিত থাকেন। অর্জুন চৌধুরী করেন ১২ রান। অতিরিক্ত থেকে যোগ হয় ২১ রান। জবাব দিতে নেমে বন্দর সাদা দল ২০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ১১৬ রান করে। দলের পক্ষে ওপেনার ইয়াহিয়া মাহির ২৬ রান করেন। শাহরিয়ার হোসেন ২৩ এবং ফাহিম পারভেজ ২৪ রান করে অপরাজিত থাকেন। টিম আইএসসিএলের পক্ষে ইতমাম বিন ৩টি এবং সাইদ মো. জুনাইদ ২টি উইকেট শিকার করেন। প্লেয়ার অব দি ম্যাচ নির্বাচিত হন আইএসসিএল এর মুশফিকুল আলম। তার হাতে পুরস্কার তুলে দেন কাউন্সিলর আবদুল ওয়াহিদ রিপন।












