ক্রিসেন্ট ক্লাবের দ্বিতীয় ও শাহজাহান সংঘ জুনিয়রের প্রথম জয়

সিসিএস ট্যালেন্ট কাপ ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১৭ মার্চ, ২০২৬ at ১২:০২ অপরাহ্ণ

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট কাপ টিটোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ক্রিসেন্ট ক্লাব এবং শহীদ শাহজাহান সংঘ জুনিয়র নিজ নিজ খেলায় জয় পেয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় ক্রিসেন্ট ক্লাব ৪২ রানে এলিট পেইন্ট আর সিকে পরাজিত করে। ক্রিসেন্ট ক্লাবের এটি তিন খেলায় দ্বিতীয় জয়। প্রথম খেলায় হেরে টুর্নামেন্ট শুরু করেছিল তারা। এরপর টানা দুই খেলায় জিতলো তারা। অন্যদিকে এলিট পেইন্ট প্রথম খেলায় জয়লাভের পর টানা দুটি খেলায় পরাজিত হয়েছে। গতকাল টসে হেরে ক্রিসেন্ট ক্লাব প্রথমে ব্যাট করতে নামে। তারা ২০ ওভার খেলে সব উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে নীলাচল ২৪,ওয়াহিদ মুরাদ ১৫,আশরাফুল আলী ১১, আবদুল্লাহ শাহরিয়ার ১৪ এবং হাবিবুল ইসলাম ২০ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৫ রান। এলিট পেইন্টের পক্ষে ৩টি করে উইকেট নেন মিসবাহ এবং গোপাল। ২টি উইকেট পান ইফাদ বিন ইদ্রিস জয়। রবি নেন ১টি উইকেট।

জবাবে এলিট পেইন্ট ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৭৩ রানে থেমে যায়। দলের পক্ষে নিলয় সর্বোচ্চ ২৬ রান করেন। এছাড়া প্রাঞ্জল করেন ১২ রান। বাকিদের কেউই দুই অংকের ঘরে যেতে পারেননি। অতিরিক্ত থেকে আসে ১৩ রান। ক্রিসেন্ট ক্লাবের হয়ে ২টি করে উইকেট নেন রাহাদুল শাওন এবং জুনাইদ। ১টি করে উইকেট পান শাহাদাত অনিক,হাবিব এবং বিক্রম দত্ত। প্লেয়ার অব দি ম্যাচ রাহাদুল শাওনের হাতে পুরস্কার তুলে দেন জেলা কোচ মাহবুবুল করিম মিঠু।

একই মাঠে দিনের অপর ম্যাচে শহীদ শাহজাহান সংঘ জুনিয়র ৮ উইকেটে বন্দর সাদা দলকে পরাজিত করে। তিন ম্যাচ খেলে শহীদ শাহজাহান সংঘের এটি প্রথম জয়। আগের দুটি খেলায় পরাজিত হয়েছিল তারা। বন্দর সাদা দল তাদের তিন খেলার প্রথমটিতে জিতলেও পরের দুটি খেলায় হার মানে তারা।

টসে জিতে বন্দর সাদা প্রথমে ব্যাট করে। ২০ ওভার খেলে ৮ উইকেটে ১০১ রান সংগ্রহ করে তারা। দলের পক্ষে মাহির সরকার ২১,শাহরিয়ার হোসেন ১৬,ইমন জিসান ১২,মাহির আসাদ ১০ এবং মোবাশ্বির হুদা অপরাজিত ১০ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৫ রান। শাহজাহান সংঘ জুনিয়রের পক্ষে মো. বক্কর ৩টি,সাকিব ২টি এবং তাহির ১টি উইকেট লাভ করেন। জবাবে শহীদ শাহজাহান সংঘ জুনিয়র ১৫.৪ ওভার খেলে ২ উইকেট হারিয়ে ১০২ রান তুলে নেয়। ওপেনার মীর হোসেন ১৯ রান করে আউট হয়ে যান। পরে বক্কর ২৬ এবং সুমন ৩৭ রান করে অপরাজিত থাকেন। তারাই দলকে প্রথম জয়ে পৌঁছে দেন। অতিরিক্ত থেকে জমা হয় ১৫ রান। বন্দর সাদা দলের আনোয়ার হোসেন এবং মোবাশ্বের হুদা ১টি করে উইকেট নেন। প্লেয়ার অব দি ম্যাচ হন বিজয়ী দলের মো. বক্কর। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর মোহাম্মদ আবু ফয়সাল চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তান সিরিজে যেসব প্রাপ্তি দেখছেন অধিনায়ক মিরাজ
পরবর্তী নিবন্ধদেশব্যাপী শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’