রাশিয়ার সামরিক বাহিনীর একটি এএন–২৬ পরিবহন বিমান ক্রিমিয়া উপদ্বীপের এক খাড়া পাহাড়ের ঢালে বিধ্বস্ত হয়ে ২৯ আরোহী নিহত হয়েছেন। বার্তা সংস্থাগুলোর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, গতকাল বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দুর্ঘটনার খবর দিয়েছে। খবর বিডিনিউজের।
মন্ত্রণালয়টিকে উদ্ধৃত করে বার্তা সংস্থা তাস জানায়, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ক্রিমিয়ার উপর দিয়ে পরিকল্পিত ফ্লাইটে থাকা বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রয়টার্স লিখেছে, ২০১৪ সালে ইউক্রেন থেকে রাশিয়ার দখলে যাওয়া উপদ্বীপটি কৃষ্ণ সাগরের উপকূল পর্যন্ত বিস্তৃত পবর্তমালায় ছাওয়া। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে তাস জানিয়েছে, একটি তল্লাশি ও উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলটি খুঁজে পেয়েছে। বিমানটিতে থাকা ২৩ যাত্রী ও ছয় ক্রু সদস্য নিহত হয়েছেন। কিন্তু বিমানটিতে মোট কতজন আরোহী ছিলেন মন্ত্রণালয়টির বিবৃতিতে তা উল্লেখ করা হয়নি। তবে বিমানটির কোনো আরোহী বেঁচে আছেন এমন কিছুও বলেনি তারা। এএন–২৬ একটি হালকা কৌশলগত সামরিক পরিবহন বিমান। এটি রাশিয়ার সামরিক বাহিনীর প্রধান পরিবহন বিমান। স্বল্প ও মাঝারি পাল্লার এই বিমানটি একইসঙ্গে মালামাল ও সর্বোচ্চ ৪০ জন যাত্রী পরিবহন করতে পারে। মন্ত্রণালয়টি জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, প্রাথমিক তদন্তে এমনটি নির্ধারিত হয়েছে। এ ঘটনার ক্ষেত্রে ক্ষেপণাস্ত্র, ড্রোন বা পাখির কোনো ভূমিকা নেই। সামরিক বাহিনীর একটি কমিশন ঘটনাস্থলে কাজ করছে।













