যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লেইক তাহো অঞ্চলে তুষারধসের পর দুর্গম এলাকায় স্কি করতে যাওয়া ৯ জনের নিখোঁজ হওয়ার খবর দিয়েছে কর্তৃপক্ষ। আটকে পড়া আরও ছয় জনকে উদ্ধার করা হয়েছে, জানিয়েছে নেভাদা কাউন্টি শেরিফের কার্যালয়। আমেরিকার পশ্চিম উপকূলের স্থানীয় সময় মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ট্রাকি শহরের কাছে ক্যাসল পিক এলাকায় এ তুষারধসের খবর পাওয়া যায় বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। খবর বিডিনিউজের।
ওই এলাকার আবহাওয়া পরিস্থিতি বেশ খারাপ, সেখানে আরও তুষারধসের শঙ্কা রয়েছে। কাছাকাছি দুটি স্কি রিসর্ট থেকে খুবই দক্ষ স্কি দলকে উদ্ধারকাজে পাঠানো হয়েছে, বলেছেন শেরিফ। যে ছয়জন জীবিত আছে বলে নিশ্চিত হওয়া গেছে তাদেরকে পরিস্থিতি অনুযায়ী যেখানে থাকলে সবচেয়ে ভালো হবে সেখানে আশ্রয় নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে, বলেছেন তিনি।










