উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে রওশন আলী (৫৬) নামে এক রোহিঙ্গা সাব মাঝি নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে ১৩ নং তাজনিমার খোলা ক্যাম্পের একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটেছে। নিহত রওশন আলী ওই ক্যাম্পের ই/২ ব্লকের মৃত জালাল আহমেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে ৮/১০ জনের একদল সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী উক্ত ক্যাম্পে ই/২ ব্লকের মাঝি কামালের চায়ের দোকানের ভিতরে ঢুকে সাব মাঝি রওশন আলীকে আকস্মিক গুলি ও ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্তীতে গুলিবিদ্ধ সাব মাঝিকে আত্মীয় স্বজনরা উদ্বার করে ক্যাম্পের একটি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। উখিয়া থানা পুলিশ খবর পেয়ে হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রস্তুত করতে লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।












