চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্–ফোরকানের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সিভিল প্রশাসনের কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা গতকাল সোমবার উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। যেখানে ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও সামপ্রতিক ঘটনাবলির প্রেক্ষাপটে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। উপাচার্য বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ে সুন্দর, সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সিভিল প্রশাসনের সহযোগিতার প্রয়োজন রয়েছে। তিনি বলেন, বিগত সময়ে চবি শিক্ষার্থীদের সাথে গ্রামবাসীর ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে বিশ্ববিদ্যালয়ের আশপাশের বসবাসকারী এবং শিক্ষার্থীদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এ সংকট কাটিয়ে উঠতে হবে এবং এক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন।
উপাচার্য বলেন, এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। ক্যাম্পাসে সর্বোচ্চ নিরাপদ পরিবেশ গড়ে তোলার ওপর জোর দিয়ে তিনি বলেন, এমন একটি পরিবেশ নিশ্চিত করতে চাই, যেখানে সবাই নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। তিনি শাটল ট্রেনের গুরুত্ব তুলে ধরে বলেন, এটি বিশ্ববিদ্যালয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। সেখানে শান্তি–শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন তিনি। অতীতের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপাচার্য।
এসময় উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাঁরা বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা ও হাটহাজারী প্রশাসন সবসময় সহযোগিতা করেছে। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
চবি প্রক্টর প্রফেসর ড.হোসেন শহীদ সরওয়ার্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সিএমপি উত্তর বিভাগের উপ–পুলিশ কমিশনার আমিরুল ইসলাম, চট্টগ্রাম পিবিআইয়ের পুলিশ সুপার এস. এম. রহিম ইসলাম, সিএমপি ট্রাফিক উত্তর বিভাগের সহকারী কমিশনার মো. কবির উদ্দিন সরকার, পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আবু জাফর মো. ওমর ফারুক, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ, র্যাব–৭ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিচ উদ্দিন পিপিএম, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাব্যবস্থাপক আতাউল হক, হাটহাজারী উপজেলা প্রশাসনের প্রতিনিধি, হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ, ডিএসবি, এনএসআই ও ডিজিএফআইয়ের প্রতিনিধিবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সকলে নবনিযুক্ত উপাচার্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।






