ক্যান্সার শনাক্তের পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন ব্রিটেনের প্রিন্সেস অব ওয়েলস ক্যাথেরিন। আগামী সপ্তাহে তিনি ইতালি সফরে যাবেন। কেনসিংটন প্যালেস জানিয়েছে, শিশুদের প্রারম্ভিক বিকাশ বিষয়ক কাজের অংশ হিসেবে কেট মিডলটন ইতালির রেজ্জিও এমিলিয়ায় গবেষণা সফর করবেন। ২০২২ সালের পর এটিই তার প্রথম বিদেশ সফর। খবর বাংলানিউজের।
প্রায় সাড়ে তিন বছর পর এই সফর তার সুস্থতার গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ২০২৪ সালে ক্যান্সার শনাক্তের পর তিনি কেমোথেরাপি নেন এবং ২০২৫ সালের জানুয়ারিতে জানান, তিনি বর্তমানে রেমিশনে আছেন। সফরে তিনি শিশু বিকাশ ও শিক্ষা বিষয়ে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করবেন।
কেনসিংটন প্যালেস জানিয়েছে, প্রিন্সেস সফর নিয়ে অত্যন্ত আগ্রহী এবং এ সফরে স্বামী উইলিয়াম তার সঙ্গে থাকবেন না। এর আগে শিশু বিকাশ নিয়ে তার ফাউন্ডেশনের একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, যেখানে মানবিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরা হয়েছে।













