কোনো জাতিকে ক্ষুদ্র বলে অবহেলার সুযোগ নেই

বইমেলার আলোচনা সভায় হাফিজ রশিদ খান

| সোমবার , ১৩ এপ্রিল, ২০২৬ at ১০:৩৯ পূর্বাহ্ণ

কবি ও আদিবাসী গবেষক হাফিজ রশিদ খান বলেছেন, বাংলাদেশ একটি বহু জাতি ও বহু ধর্মের দেশ। এখানে বসবাসরত প্রতিটি জনগোষ্ঠীকে সমান মর্যাদা দেওয়া আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক বৈশিষ্ট্য। বাংলাদেশে যদি একজন ভিন্ন ধর্ম বা ভিন্ন সংস্কৃতির মানুষও বসবাস করেন, তাকেও পূর্ণ নাগরিক অধিকার দিতে হবে। আদিবাসীদের উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে অভিহিত করা বৈজ্ঞানিক ও সামাজিকভাবে সঠিক নয়। বরং আদিবাসী শব্দটি তাদের পরিচয় ও মর্যাদাকে যথাযথভাবে তুলে ধরে। কোনো জাতিকে ক্ষুদ্র বলে অবহেলা করার সুযোগ নেই। গতকাল রোববার বিকেলে নগরীর কাজীর দেউড়ি জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে স্বাধীনতার বইমেলার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে ১৯ দিনব্যাপী বইমেলার ১৩তম দিনে ‘নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি বাংলাদেশের জাতীয় ইতিহাস ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাফিজ রশিদ খান বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়, এই জনগোষ্ঠীগুলো স্মরণাতীতকাল থেকে এ ভূখণ্ডে বসবাস করে আসছে, ফলে তাদের ‘বহিরাগত’ হিসেবে আখ্যায়িত করার সুযোগ নেই। বৃহত্তর জনগোষ্ঠীর পাশাপাশি দেশের ৫০টিরও বেশি আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। গবেষক ও শিক্ষাবিদ ড. শামসুদ্দিন শিশিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ আলোচক ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক উপ পরিচালক ড. আজাদ বুলবুল, কথাসাহিত্যিক নাসের রহমান, সম্পাদক ও প্রকাশক কর্মধন তঞ্চঙ্গ্যা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে নিজ বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু
পরবর্তী নিবন্ধপ্রাকৃতিক ছড়ায় নির্মিত অবৈধ বাঁধ পুনরায় অপসারণ